২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘মাদক বিরোধী’ মিছিলের নামে অস্ত্র প্রদর্শন, যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার জাহেদ পুলিশের সঙ্গে গোলাগুলিতে পঙ্গু হওয়া তালিকভুক্ত সন্ত্রাসী এবং সাবেক ছাত্রদল নেতা বার্মা সাইফুলের অনুসারী বলে পুলিশের ভাষ্য।

চট্টগ্রামে ‘মাদক বিরোধী’ মিছিলের নামে অস্ত্র প্রদর্শন, যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার মো. জাহেদ

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2024, 08:22 PM

Updated : 21 Jan 2024, 09:18 PM

চট্টগ্রামে ‘মাদক বিরোধী’ মিছিলের নামে এলাকায় আতঙ্ক ছড়াতে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনকারী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নগরীর বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ নগর এলাকা থেকে শনিবার রাতে মো. জাহেদ নামের ২৫ বছর বয়সী ওই  যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহেদ পুলিশের সঙ্গে গোলাগুলিতে পঙ্গু হওয়া তালিকভুক্ত সন্ত্রাসী এবং সাবেক ছাত্রদল নেতা বার্মা সাইফুলের অনুসারী বলে পুলিশের ভাষ্য।

গত ১২ জানুয়ারি জাহিদসহ ২০/২৫ জন যুবক বায়েজিদ থানা এলাকার বার্মা কলোনি থেকে আলী নগর, হিলভিউ, মোহাম্মদ নগর এলাকায় ‘মাদক বিরোধী’ মিছিল করে। সেখানে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দেখা যায় তাদের হাতে।

স্থানীয় কাউন্সিলর বাধা দিলে মিছিলকারীরা বিভিন্ন দোকান ভাংচুর করে এবং বোমা ফাটিয়ে গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে বলে স্থানীয়দের ভাষ্য।

সে সময় মিছিলকারীদের বাধা দেওয়ায় আব্দুল্লাহ আল মাহমুদ নামে এক ব্যক্তিকে কুপিয়ে জহম করা হয়। ওই ঘটনায় বায়েজিদ থানায় মামলা করেন মাহমুদের ভাই।

বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার দিন মাথায় টুপি, কালো রঙের সোয়েটার ও মুখে মাস্ক লাগানো এক যুবকের অস্ত্র প্রদর্শনের ছবি আশেপাশে সিসি ক্যামেরায় দেখা যায়।

“ঘটনার পর পুলিশ তদন্ত করে মিছিলে অস্ত্র প্রদর্শন ও দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সাতজনসহ ১৭ জনকে গত ১৫ জানুয়ারি গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ১০টি ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ।

“গ্রেপ্তারদের দেওয়া তথ্যে জানা যায়, প্রকাশ্যে অস্ত্র দেখানো ওই যুবকের নাম জাহেদ। তবে তার হাতে আসলে পিস্তল সদৃশ্য একটি গ্যাস লাইটার ছিল। সেটি আমরা উদ্ধার করেছিলাম ১৫ জানুয়ারি।”

ওসি বলেন, প্রকাশ্যে অস্ত্র নিয়ে মিছিল করার সময় স্থানীয় কাউন্সিলর এবং তার সঙ্গে থাকা লোকজন বাধা দেয় এবং ধাওয়া করে এক জনকে ধরে ফেলে। তখন মিছিলকারীরা এলাকার দোকানপাটে ভাংচুর চালায় এবং পটকা ফাটায়।

সেদিন যারা মিছিল করেছিলেন, তারা সবাই বায়েজিদ থানার বার্মা কলোনীর বাসিন্দা বার্মা সাইফুল ও তার ভাই সবুজের অনুসারী বলে এলাকাবাসীর ভাষ্য।

পুলিশ বলছে, সাইফুল, তার ভাই সবুজ ‘তালিকাভুক্ত সন্ত্রাসী’। তাদের বিরুদ্ধে বেশ কিছু মামলা আছে থানায়।

সেদিনের ভাংচুর, বোমাবাজির ঘটনায় এজাহারভুক্ত আটজনসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি সঞ্জয় সিনহা।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের এক সময়ের সহ-সম্পাদক সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুল ২০২১ সালের ১৬ জুন পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে পা হারিয়ে পঙ্গু হয়ে যান। তারপরও তিনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে আসছেন বলে পুলিশের ভাষ্য।