চট্টগ্রামে মির্জাখীল দরবারের অনুসারীদের ঈদ উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরাবরই ধর্মীয় উৎসব উদযাপন করে এ পীরের অনুসারীরা।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা বুধবারই ঈদুল আজহা পালন করছেন।
সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবারের অনুসারীরা দু’শ বছরের বেশি সময় ধরে হজ্বের পরদিন ঈদুল আজহা উদযাপন করেন।
বুধবার মির্জাখীল দরবার শরিফের খানকাহ মাঠে সকাল সাড়ে নটায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন হজরত ইমামুল আরেফীন ড. মৌলানা মুহাম্মদ মকছুদুর রহমান।
সাতকানিয়ার মির্জাখীল, এওচিয়ার গাটিয়াডেঙ্গা, আলীনগর, মাদার্শা, খাগরিয়া, মৈশামুড়া, পুরানগড়, বাজালিয়া, মনেয়াবাদ, চরতি, সুঁইপুরা, হালুয়াঘোনা, চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, চরবরমা, কেশুয়া, কানাই মাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাঁশখালীর কালিপুর, চাম্বল, ডোংরা, শেখেরখীল, ছনুয়া, পুইছড়ি, আনোয়ারার বরুমছড়া, তৈলারদ্বীপ, বারখাইন, খাসকামা, কাঠাখালী, রায়পুর, গুজরা, লোহাগাড়ার পুঁটিবিলা, কলাউজান, চুনতী এবং সীতাকুন্ডের মাহমুদাবাদ, বারিয়াঢালা, বাঁশবাড়িয়া, সলিমপুর, মহালংকা এলাকার এই দরবারের অনুসারীরা ঈদুল উদযাপন করছেন বুধবার।
এছাড়া ফেনী, রাঙামাটি, কুমিল্লা, ঢাকা, মুহাম্মদপুর, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, মনোহরদী, মঠখোলা, বেলাব, আব্দুল্লাহনগর, কাপাসিয়া, চাঁদপুর জেলার মতলব, সিলেট, হবিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, সুনামগঞ্জ, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, ভোলা, মিরশরাই, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, হাতিয়া, সন্দ্বীপ, রাউজান ও ফটিকছড়ির কয়েকটি গ্রামসহ চট্টগ্রামসহ বিভিন্ন জেলার শতাধিক গ্রামের বাসিন্দারা বুধবার ঈদুল আজহা উদযাপন করছে।
পাশাপাশি পার্বত্য জেলা বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যাংছড়ি, কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার অনেক গ্রামে থাকা মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করে।
মির্জাখীল দরবার শরিফের শাহাজাদা মোহাম্মদ মছউদুর রহমান বলেন, “আমরা হানাফী মাযহাবের অনুসারী হিসেবে দ্বিশতাধিক বছর ধরে ইয়াউমুল আরাফাহ বা পবিত্র হজ্জ্ব দিবসের পরের দিনই পবিত্র ঈদুল আজহা পালন করে আসছি।
“মির্জাখীল দরবার শরীফের অনুসারীগণ আজ ঈদুল আজহা উদযাপন করছে এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি দিচ্ছেন।”
