শেখ হাসিনা যেন আমৃত্যু নেতৃত্ব দিতে পারেন, দোয়া চাইলেন নওফেল
দেশের মানুষকে স্বাচ্ছন্দ্যে রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলস পরিশ্রম করছেন, বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে ‘মায়ের স্নেহে’ আগলে রেখেছেন বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শনিবার চট্টগ্রামের বক্সিরহাটে ঈদের উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, দেশের মানুষকে স্বাচ্ছন্দ্যে রাখতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নিরলস পরিশ্রম করছেন।
“সারাদেশের জনগণকে যিনি মায়ের স্নেহে আগলে রেখেছেন- জননেত্রী শেখ হাসিনার জন্য আপনার কাছে দোয়া চাই। উনি যাতে সুস্থ থাকেন, উনি যাতে আমৃত্যু বাংলাদেশের নেতৃত্ব দিতে পারেন সেই জন্য আপনারা দোয়া করবেন।”
নওফেল বলেন, যার যা কিছু আছে তা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বঙ্গবন্ধু কন্যা নির্দেশ দিয়েছেন। উনার সেই নির্দেশ পালনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যার যা কিছু আছে তা নিয়ে ঝাপিয়ে পড়েছে।
এ সময় নির্বাচন সামনে রেখে বিএনপি আবার `চক্রান্ত’ করছে মন্তব্য বলে মন্তব্য করেন তিনি।
চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন লুটপাট করে খেয়েছে। তারেক রহমান বাংলাদেশকে দুর্নীতির স্বর্গরাজ্য হিসেবে গড়ে তুলেছিল। তারা ক্ষমতা দখলের জন্য জীবন্ত মানুষ জ্বালিয়ে মেরেছিল। দেশের সম্পদ জ্বালিয়ে নষ্ট করেছিল।
“সেই বিএনপি নির্বাচন সামনে রেখে আবার চক্রান্ত করছে। সেই বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। যাতে করে বিএনপি আবার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি।”
বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে ওই অনুষ্ঠান হয়।
এতে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. ইউসুফের সভাপতিত্ব করেন।
যুবনেতা এমদাদুল হক রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বার অব কমার্স সভাপতি মাহবুবুল আলম, সৈয়দ ছগীর আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর নুরুল হক, ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাহাঙ্গীর আলম, মো. লিটন, ওয়ার্ড যুবলীগের সভাপতি মান্না দে বক্তব্য দেন।
এদিন পাঠানটুলি ও পাহাড়তলি ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ঈদ উপহার ও ইফতার বিতরণ অনুষ্ঠানেও যোগ দেন নওফেল।
