চট্টগ্রামে পাহাড় কাটার অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
গত ২৫ অগাস্ট শুনানির জন্য উপস্থিত থাকতে নোটিস দেওয়া হলেও কেউ উপস্থিত হয়নি বলে পরিবেশ কর্মকর্তা জানান।
চট্টগ্রাম নগরীর আরেফিন নগরে অনুমোদন ছাড়া পাহাড় কাটার অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মতিন বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় মামলাটি করেন।
এতে বায়েজিদ থানাধীন আরেফিন নগরের তালীমুল কোরআন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়বকে আসামি করা হয়।
অন্য আসামিরা হলেন, ওই মাদ্রাসার নির্বাহী পরিচালক মোস্তাক আহমেদ, মো. আজিজুল হক, আবদুল মান্নান, আবদুল মাবুদ, ইমরান হোসেন, আনছার উল্লাহ, রোকেয়া বেগম, সিপতাহুল জান্নাত, কামরুন নাহার ও দেলোয়ার হোসেন।
অধিদপ্তরের নগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস জানান, আরেফিন নগরের তালীমুল কোরআন মাদ্রাসা সংলগ্ন এলাকায় অনুমোদন ছাড়া পাহাড় কাটা হচ্ছিল। গত ২৪ অগাস্ট ওই এলাকা পরিদর্শন করে সেখানে অনুমোদন না নিয়ে পাহাড় কাটার প্রমাণ পাওয়া যায়।
এ বিষয়ে ২৫ অগাস্ট শুনানির জন্য উপস্থিত থাকতে নোটিস দেওয়া হলেও মাদ্রাসা কর্তৃপক্ষের কেউ উপস্থিত হননি বলে জানান এ পরিবেশ কর্মকর্তা।
অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ওই এলাকায় পাহাড় কেটে বসবাসের ঘর নির্মাণ, পানির কূপ তৈরি ও রাস্তা তৈরির প্রমাণ পাওয়া গেছে। সেখানে এক লাখ ঘনফুট পরিমাণ পাহাড় কাটার প্রমাণ পাওয়া যায়।
শুনানিতে উপস্থিত না হওয়াসহ পাহাড় কাটার প্রমাণ মেলায় ১১ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়
