চাল কিনতে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘটেছে এই ঘটনা।
ওএমএসের চাল কিনতে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে মারা গেছেন এক নারী।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড পৌর এলাকার কলেজ রোড সংলগ্ন রেল বিটের কাছে এক ডিলারের দোকানের সামনে এ ঘটনা ঘটে বলে প্রশাসন ও স্থানীয়রা জানিয়েছেন।
মারা যাওয়া শিখা মালাকার (৩৮) সীতাকুণ্ড পৌরসভার মহাদেবপুর এলাকার তপন মালাকারের স্ত্রী। ওই এলাকার পরিবার নিয়ে তারা ভাড়া থাকতেন।
সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফৈার ডটকমকে বলেন, “ওএমএস এর চাল নিতে ওই মহিলা সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ছিলেন। সাড়ে ৮টার দিকে তিনি দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যান। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুর উদ্দিন জানান, সকাল ৯টা ৫ মিনিটের দিকে ওই নারীকে মৃত অবস্থায় আনা হয়।
“তার শরীরে ধস্তাধস্তি বা আঘাতের কোনো চিহ্ন ছিল না। হার্ট ফেলিউর বা স্ট্রোকে তার মৃত্যু হয়ে থাকতে পারে।”
স্থানীয়রা জানান, নায্যমূল্যে ওএমএস এর চাল কেনার জন্য গোলাম রব্বানী নামে ওই ডিলারের দোকানের সামনে সকাল ৭টা থেকেই অনেকেই লাইনে দাঁড়ান। সকাল ৯টা থেকে সেখানে চাল বিক্রি শুরু হয়ে থাকে।
ডিলার রব্বানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ৯টা থেকে আমরা প্রতিদিন চাল বিক্রি শুরু করে থাকি। ৮টার আগে থেকেই ওই মহিলা লাইনে দাঁড়িয়েছিল। লাইনে দাঁড়ানো অবস্থায় ওই মহিলা হঠাৎ পড়ে গেলে তার ছেলে ও প্রতিবেশীরা এসে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।”
