সাগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
মঙ্গলবার গভীর রাতে জেলেরা নৌকায় ঘুমিয়ে থাকা অবস্থায় একটি লাইটারেজ জাহাজের ধাক্কায় সেটি ডুবে গিয়ে দুই জেলে নিখোঁজ হয়।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কাছে বঙ্গোপসাগরে লাইটারেজ জাহাজের ধাক্কায় মাছ ধরার নৌকা ডুবে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও এক জেলে নিখোঁজ রয়েছেন।
বুধবার গভীর রাতে গভীর সমুদ্র এলাকা থেকে আবদুর রশিদ (৪০) নামের ওই জেলের লাশ উদ্ধার করা হয়। তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলার বাসিন্দা ছিলেন।
বৃহস্পতিবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বার আউলিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ নসির উদ্দিন জানান, বুধবার রাতে সাগরে রশিদের লাশ ভেসে উঠলে উদ্ধার করে কূলে নিয়ে আসা হয়। নিখোঁজ আরেক জেলে মো. হারুনের সন্ধান পেতে কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থা অভিযান অব্যাহত রেখেছে।
আনোয়ারার রায়পুর ইউনিয়ন উপকূল থেকে একটি কাঠের নৌকায় ছয় জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়।
মঙ্গলবার গভীর রাতে জেলেরা নৌকায় ঘুমিয়ে থাকা অবস্থায় একটি লাইটারেজ জাহাজের ধাক্কায় সেটি ডুবে গিয়ে দুই জেলে নিখোঁজ হয় বলে জানান তিনি।
