২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিপক্ষকে ফাঁসাতে বাবার অপহরণ নাটক, ১০ বছর লুকিয়ে থাকা মেয়ে আটক

আসামিদের সঙ্গে পূর্ব শত্রুতার জেরে তাদের ফাঁসাতে এ মামলা করা হয় বলে তদন্তে মনে করছে পিবিআই।

প্রতিপক্ষকে ফাঁসাতে বাবার অপহরণ নাটক, ১০ বছর লুকিয়ে থাকা মেয়ে আটক

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

চট্টগ্রাম ব্যুরো

Published : 15 Apr 2023, 09:18 PM

Updated : 15 Apr 2023, 10:13 PM

চট্টগ্রামে মেয়েকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে সাতজনের বিরুদ্ধে ১০ বছর আগে মামলা করেছিলেন এক ব্যক্তি। আদালতে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে থাকা এ মামলায় কারাবাসও করেন চারজন।

তবে দীর্ঘ সময় পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে উঠে এসেছে পূর্ব শত্রুতার জেরে মিথ্যা মামলা দিয়ে সাতজনকে ফাঁসানোর চেষ্টা হয়েছিল।

পুলিশের বিশেষ এ ইউনিট শুক্রবার ওই নারীকে চারবছর বয়সী এক পুত্রসহ নোয়াখালী জেলার সুধারামপুর থানা এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে আটক করে। তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন পিবিআই মেট্রো অঞ্চলের পরিদর্শক মো. আবু হানিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আসামিদের সঙ্গে পূর্ব শত্রুতার জেরে তাদের ফাঁসাতে এ মামলা করা হয় বলে তদন্তে মনে হয়েছে। এ মামলার বাদী ও নারীর বাবা তিলক শীল পলাতক।

তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পিবিআই কর্মকর্তা হানিফ জানান, তার বাবা মামলা করার সময় এক যুবকের সঙ্গে সম্পর্কের সূত্রে পালিয়ে গিয়ে বিয়ে করেন ওই নারী। তখন তিনি আনোয়ারায় তার মামার বাড়িতে ছিলেন।

দুই বছর পর ছাড়াছাড়ি হলে ওই নারী আরেকটি বিয়ে করে নোয়াখালীর সুধারামপুরে বসবাস শুরু করেন। সেই ঘরে তার চার বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে। বাবা ও মায়ের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে।

এ পুলিশ কর্মকর্তা জানান, ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর মেয়েকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মাহাতো এলাকার এক পরিবারের সাতজনের বিরুদ্ধে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলা করেন তিলক শীল নামে এক ব্যক্তি।

এতে আসামি করা হয়, সুপ্লব দাশ, সুজন দে, বিপ্লব দাশ, সুমন দাশ, তাপস দাশ, মিন্টু দাশ ও শোভা রাণীকে।

পিবিআই বলছে, এ ঘটনার জুডিশিয়াল তদন্ত করে প্রতিবেদন দিতে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। ওই আদালতের একজন হাকিম অনুসন্ধান করে ছয় আসামির বিরুদ্ধে বিচার শুরু করেন। এসময়ে শিপলু, বিপ্লব ও সুজন ছয়মাস এবং তাদের বাবা মিন্টু দাশ এক সপ্তাহ কারাবাস করেন।

মামলাটি ওই সময়ে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে ছিল উল্লেখ করে পিবিআই কর্মকর্তা হানিফ বলেন, ‍বিচার কাজ চলাকলীন সময়ে মেয়ের বাবার আবেদনের প্রেক্ষিতে ২০২১ সালের ২৫ অক্টোবর আদালত মামলা তদন্ত ও মেয়েকে উদ্ধারের জন্য পিবিআইকে নির্দেশ প্রদান করেন।

মামলার তদন্তে নেমে পিবিআই সদস্যরা বাদি তিলক শীলের কাছ থেকে মামলা নিয়ে সহযোগীতা পাননি এবং এটি নিয়ে তার উদাসীনতা লক্ষ্য করেন। পরে তদন্তের এক পর্যায়ে কথিত অপহরণের বিষয়টি সামনে আসে বলে জানান তিনি।

তদন্ত কর্মকর্তারা দেখতে পান, মামলার বাদী বাবার সঙ্গে কথিত অপহৃত মেয়ের গোপন যোগাযোগ রয়েছে। পরে অনুসন্ধান শেষে ওই মেয়ের অবস্থান শনাক্তের পর নোয়াখালীর সুধারামপুর থেকে তাকে আটক করা হয়।