২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে: নাছির

চট্টগ্রাম সিটির সাবেক মেয়র মনে করেন, দেশের একটি গোষ্ঠী এখনও পাকিস্তানের জন্য মায়াকান্না করেন।

বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে: নাছির

চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনাসভা করেছে নগর আওয়াগী লীগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2023, 09:41 PM

Updated : 20 Feb 2023, 09:41 PM

বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে একটি গোষ্ঠী দেশকে পাকিস্তান বানানোর যে চেষ্টা করেছিল, তা দুঃস্বপ্নে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

সোমবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, বঙ্গবন্ধু এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি চেয়েছিলেন এবং সেই পথেই এগিয়ে গিয়ে সোনার বাংলা বাস্তবায়নের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু মাত্র সাড়ে তিন বছরের মাথায় তাকে সপরিবারে নিষ্ঠুরভাবে হত্যা করে বাঙালির হাতে আবারও শৃঙ্খল পরিয়ে দেওয়া হয়।

“কিন্তু সেদিন যারা দেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল তাদের সেই স্বপ্নকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃস্বপ্নে পরিণত করেছেন। জাতি আজ তার নেতৃত্বেই ঘুরে দাঁড়িয়েছে।”

বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে নগর কমিটির সাধারণ সম্পাদক বলেন, “এখনও যারা পাকিস্তানের জন্য মায়াকান্না করেন… ওই দেশটি দেউলিয়া হতে চলেছে। আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি আছে। পাকিস্তানে বর্তমানে মাত্র ১৩ দিনের রিজার্ভ আছে।

“বাংলাদেশের বর্তমান রিজার্ভের পরিমাণ ৩২ বিলিয়ন ডলার। এই রিজার্ভ অনায়াসে পাঁচ মাসের অর্থনৈতিক সক্ষমতা অর্জনের পরিমাপ। এটা মনে রাখা উচিৎ, বাংলাদেশ কখনও শ্রীলংকা ও সোমালিয়া হবে না। কারণ বাংলাদেশ উন্নয়নের সকল সূচকে প্রতিবেশী দেশগুলোর তুলনায় এগিয়ে আছে।”

একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এদিন আলোচনাসভার আয়োজন করে নগর আওয়ামী লীগ।

প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সহসভাপতি নঈম উদ্দীন চৌধুরী ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও খোরশেদ আলম সুজন, সম্পাদকমণ্ডলীর সদস্য চন্দন ধর, হাজী মো. হোসেন, নোমান আল মাহমুদ, শফিক আদনান, মশিউর রহমান চৌধুরী, আবু তাহের, আব্দুল আহাদ, জোবাইরা নার্গিস খান সভায় উপস্থিত ছিলেন।