২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষতা বাড়াতে শিক্ষা খাত যুগোপযোগী হচ্ছে: নৌপ্রতিমন্ত্রী

বাংলাদেশ বদলে যাচ্ছে এটাই আজকের বাস্তবতা, বলেন তিনি।

দক্ষতা বাড়াতে শিক্ষা খাত যুগোপযোগী হচ্ছে: নৌপ্রতিমন্ত্রী

রোববার চট্টগ্রামে বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডস অ্যাসোসিয়েশনের আলোচনায় বক্তব্য দেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2022, 11:23 PM

Updated : 28 Aug 2022, 11:23 PM

বৈদেশিক বাণিজ্যের প্রসার ও আন্তর্জাতিক বাণিজ্যিক প্রতিযোগিতা মোকাবিলায় সরকার শিক্ষা খাতকে যুগোপযোগী করে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

রোববার চট্টগ্রামে ‘ভিশন-২০৪১ এর আলোকে ফ্রেইট ফরওয়ার্ডিং এবং লজিস্টিক সেক্টরের দক্ষতা উন্নয়ন: ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন’ শীর্ষক আলোচনায় এ কথা বলেন তিনি।

বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডস অ্যাসোসিয়েশন (বিএফএফএ) আয়োজিত এ আলোচনা সভায় তিনি বলেন, বাংলাদেশ বদলে যাচ্ছে এটাই আজকের বাস্তবতা।

তিনি বলেন, “শুধু ক্ষমতার লোভে ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। তারা দেশকে ভিন্ন পথে চালিত করার চেষ্টা করেছিল। দেশের শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য ও অর্থনীতিকে ক্রমাগত ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল।”

দেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন জানিয়ে নৌপ্রতিমন্ত্রী বলেন, “আমরা ২০৪১ সালের ভিশন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি। এ কথা আমার নয়। যারা দেশের অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতি নিয়ে গবেষণা করছে তারা বলেছেন যে প্রধানমন্ত্রীর সুপরিকল্পিত পরিকল্পনার কারণে দেশ এগিয়ে যাচ্ছে।

“প্রধানমন্ত্রী বাংলাদেশের সাধারণ মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা পাওয়ার অধিকার নিশ্চিত করার পাশাপাশি ভূমি অধিকার নিশ্চিত করেছেন।”

বিএফএফএ সভাপতি কবির আহমেদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়াম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, সংগঠনের জ্যেষ্ঠ সহ সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী, জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি আসিফ এ চৌধুরী, পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান, ফিড দ্য ফিউচার বাংলাদেশ ট্রেড অ্যাক্টিভিটির চিফ অব পার্টি মার্ক শাইম্যান।