২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাবাকে খুন করে পালানো যুবক গ্রেপ্তার

মঙ্গলবার দুপুরে হেলালের ছুরিকাঘাতে খুন হন তার বাবা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2022, 12:37 PM

Updated : 07 Sep 2022, 12:37 PM

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাবাকে খুন করে পালিয়ে যাওয়া এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আবু তাহের মো. হেলাল উদ্দিন নামের ২০ বছর বয়সী ওই যুবককে মঙ্গলবার রাতে উপজেলার হাসনাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

হেলাল ভাটিয়ারী ইউনিয়নের হাসনাবাদ গ্রামের বাবর কলোনির মো. বেলালের (৫৫) ছেলে। মঙ্গলবার দুপুরে হেলালের ছুরিকাঘাতে খুন হন তার বাবা।

সীতাকুণ্ড থানার এসআই মোতাহের হোসেন বলেন, “বাবাকে ছুরিকাঘাত করেই হেলাল পালিয়ে গিয়েছিল। রাতে পুলিশ স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তার করে।”

মঙ্গলবার দুপুরে হত্যাকাণ্ডের পর সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানিয়েছিলেন, বেলাল তার ছেলে হেলালকে বকাঝকা করায় একপর্যায়ে ছেলে ঘরের আসবাবপত্র ভাঙা শুরু করে।

“বেলাল ধান কাটার কাঁচি নিয়ে তাকে ধাওয়া দিলে হেলাল তার সঙ্গে থাকা ছুরি দিয়ে তার বাবাকে আঘাত করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বেলালের মৃত্যু হয়।”

পুরনো খবর:

ছেলের ‘ছুরিকাঘাতে’ প্রাণ গেল বাবার