২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি সুযোগ পেলেই সন্ত্রাস করে: নওফেল

দলটির বিরুদ্ধে সতর্ক থাকতে বলেছেন শিক্ষা উপমন্ত্রী।

বিএনপি সুযোগ পেলেই সন্ত্রাস করে: নওফেল

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে শনিবার শীতবস্ত্র বিতরণ করেছে আওয়ামী লীগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2023, 07:31 PM

Updated : 28 Jan 2023, 07:31 PM

বিএনপি সুযোগ পেলেই ‘পুরনো রূপে’ ফিরে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

চট্টগ্রাম নগরীর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে আতুরের দোকান এলাকায় শীতবস্ত্র বিতরণ অনু্ষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য নওফেল অভিযোগ করে বলেন, কদিন আগে বিএনপি তাদের চট্টগ্রামের দলীয় কার্যালয়ে সমাবেশ করতে চাইল। পুলিশ অনুমতিও দিল। কিন্তু এর পরেও বিনা উস্কানিতে তারা ট্রাফিক পুলিশের উপর হামলা করে।

“বিএনপি সু্যোগ পেলেই তাদের পুরনো রূপে ফিরে যায়। তারা এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড করে ক্ষমতায় যেতে চায়। তাই বিএনপি সম্পর্কে সতর্ক থাকতে হবে।”

যেকোন কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন।

“মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রতি মাসে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ও প্রাথমিক বিদ্যালয়ের মায়েদের হাতে টাকা তুলে দিচ্ছেন।”

পশ্চিম বাকলিয়া ছাড়াও নগরীর ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড ও বাকলিয়া এলাকায় পৃথকভাবে শীতবস্ত্র বিতরণ করেছে ওয়ার্ড আওয়ামী লীগ।

চকবাজার ওয়ার্ডের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিলর নুর মোস্তফা টিনু; নগর আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ও কাউন্সিলর জহর লাল হাজারী, চকবাজার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছারুল হক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাজাহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

আর নগর আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শহীদুল আলমের সভাপতিত্বে পশ্চিম বাকলিয়ার অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগের মো. মুসা, মোজাফফর আহমদ, যুবলীগ নেতা মাঈনুল কামাল, সমর দাশ উপস্থিত ছিলেন।