সবজির ব্যাগে ২০ লাখ টাকার জাল নোট, দুই বাসযাত্রী গ্রেপ্তার
“রোজা সামনে রেখে জাল নোট পাচারকারী চক্রটি সক্রিয় হওয়ার চেষ্টা করছি”, বলেন লোহাগাড়া থানার ওসি।
চট্টগ্রামে ২০ লাখ টাকার জাল নোটসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা বাজারের ব্যাগে সবজির নিচে লুকিয়ে বাসে করে জাল নোটগুলা কক্সবাজার থেকে ঢাকায় আনছিলেন।
বুধবার লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন- মো. রুবেল (৩২) ও ওমর আলী (৫০)। তাদের কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের দুই হাজার জাল নোট জব্দ করা হয়।
লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোজা সামনে রেখে জাল নোট পাচারকারী চক্রটি সক্রিয় হওয়ার চেষ্টা করছিল। কক্সবাজার থেকে জাল নোটগুলো তারা চট্টগ্রামে নিয়ে আসছিল।”
গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে চট্টগ্রামে আসা ওই বাসে তল্লাশি চালানো হয় জানিয়ে ওসি বলেন, “সবজির ব্যাগে করে তারা টাকাগুলো চট্টগ্রামে নিয়ে আসছিল। আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে তারা ব্যাগের মধ্যে কিছু সবজি ভর্তি করে তার নিচে জাল নোটের ২০টি বান্ডেল রেখেছিল।”
ওসি আতিকুর বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছে, কক্সবাজারের এক ব্যক্তির কাছ থেকে তারা জাল নোটগুলো সংগ্রহ করেছে। ওই ব্যক্তিকে পুলিশ শনাক্ত করার চেষ্টা করছে।”
গ্রেপ্তার দুই জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি।
