২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে নারীকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল

ফেইসবুকে রোববার দুপুরে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 08:54 PM

Updated : 27 Sep 2026, 08:54 PM

চট্টগ্রাম আদালত ভবন এলাকা থেকে এক নারীকে কয়েকজন মিলে টেনে হিঁচড়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেইসবুকে রোববার দুপুরে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এরপর পুলিশ ওই ঘটনার খোঁজ নেয়। পরে রাতে ওই নারী, তার বাবা ও স্বামী থানায় আসে। পুলিশ তাদের সঙ্গে আলোচনা করছে।

ভিডিওতে দেখা যায়, তিন নারী ও কয়েকজন পুরুষ অন্য একজন নারীকে টেনে হিঁচড়ে একটি মাইক্রোবাসে তোলার চেষ্টা করছেন। এ সময় ওই নারী ‘যাব না, যাব না’ বলে চিৎকার করতে থাকেন।

এক পর্যায়ে আদালত ভবনের প্রবেশের ওই সড়কে লোকজন জড়ো হয়ে যায়। তারা ওই নারীকে তুলে নেওয়ার চেষ্টায় বাধা দিতে থাকেন। তারপরও ওই নারীকে নিয়ে মাইক্রোবাসটি চলে যায়।

ঘটনার বিষয়ে কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই নারী বিবাহিত। তবে স্বামীর সঙ্গে তার বনিবনা না হওয়ায় তিনি আলাদা থাকছেন। ওই নারীর মা নেই, বাবা আছেন। তবে স্বামীর বাড়ি থেকে চলে আসার পর থেকে তিনি এক চাচার বাসায় থাকেন।

“কিন্তু বাবার দাবি, মেয়েকে তার কাছে থাকতে হবে। আজ মীমাংসার জন্য ওই নারী কোর্টে আসেন। পরে তার পরিবারের সদস্যরা তাকে নিয়ে যায়।”

ভিডিও ভাইরাল হওয়ার পরপর বিষয়টি পুলিশের নজরে আসে জানিয়ে ওসি জাহেদুল কবির বলেন, “আমরা যোগাযোগ করি ওই পরিবারের সঙ্গে। সন্ধ্যার পর ওই নারী, উনার স্বামী ও উনার বাবাসহ পরিবারের লোকজন থানায় এসেছেন।

“এখন তাদের সঙ্গে বসে আলাপ করব। তারা কী করবেন, সেটা জানব। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।”