চট্টগ্রামে নগরে ভিড় নেই, উপজেলায় ভোটের লাইন দীর্ঘ
চট্টগ্রামের উপজেলাগুলোর মধ্যে কোনোটিতে ভোট শুরুর দুঘণ্টায় ১০ থেকে ২৩ শতাংশ ভোট পড়েছে। আর নগরীর আসনগুলোতে ৬-৭ শতাংশ ভোট পড়েছে।
দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী, মীরসরাই ও রাউজানের কেন্দ্রগুলোয় ভোটারদের উপস্থিতি ‘ভালোই ‘দেখা গেছে। তবে সকাল থেকে উপজেলাগুলোর তুলনায় নগরীর কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কমই ছিল।
উপজেলাগুলোর মধ্যে কোনোটিতে ভোট শুরুর দুঘণ্টায় ১০ থেকে ২৩ শতাংশ ভোট পড়েছে। আর নগরীর আসনগুলোতে ৬-৭ শতাংশ ভোট পড়েছে।
নির্বাচন কমিশনের ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ থেকে প্রথম দুই ঘণ্টায় এমন তথ্য পাওয়া গেছে।
দিনের শুরুতেই ভোটার লাইন ছিল পটিয়ায়
সকাল ৮ টা ১০ মিনিটে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের মনসা এলাকায় পূর্ব আশরাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে পুরুষ ভোটারদের লাইন দেখা গেছে। তবে ওই কেন্দ্রে নারী ভোটাররা তখনও মাত্র আসতে শুরু করেছেন।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মিজানুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেখানে ১০টি বুথে ২৪৭৩ জন নারী ভোটারসহ কেন্দ্রটির মোট ভোটার ৫১০৬ জন।
এই কেন্দ্রে নৌকা, চেয়ার, মোমবাতি ও নোঙ্গর প্রতীকের এজেন্ট থাকলেও স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরীর ঈগল প্রতীকের এজেন্ট ছিল না।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর বোন সুলতানা ইয়াসমিন রেখা সাংবাদিকদের বলেন, তাদের এজেন্ট কেন্দ্রে আসলেও তাদের ঢুকতে দেয়া হয়নি।
তবে প্রিজাইডিং অফিসার মিজানুল হাসান বলেন, “ঈগলের এজেন্ট আসেনি, খুঁজে পাইনি।”
এজেন্ট ঢুকতে বাধা
সকাল ৮টা ৫৫ মিনিটে এই আসনের লড়িহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে ভোটার উপস্থিতি কম।
এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সঞ্জিব কুসুম চৌধুরী জানান, কেন্দ্রটিতে ৭টি বুথে মোট ভোটারের সংখ্যা ৩০৯৮ জন।
লড়িহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর ঈগল প্রতীকের এজেন্ট ছিল তিনজন।
সামশুল হক চৌধুরীর প্রধান নির্বাচনী সমন্বয়কারী তার ছেলে নাজমুল করিম চৌধুরী শারুন বলেন, “বিভিন্ন কেন্দ্রে আমাদের এজেন্টদের ঢুকতে দিচ্ছে না। নৌকার প্রার্থীর লোকজন আমাদের এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দিচ্ছে।”
পটিয়ায় ভোটারদের স্বতস্ফূর্ত উপস্থিতি
পটিয়ার আল্লাইওখারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মোট ১০টি বুথে ভোটার ৪৫৬৭ জন। এর মধ্যে নারী ভোটার নারী ভোটার ২১০০ জন।
প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস জানান, “প্রথম এক ঘণ্টায় ২০০ ভোট পড়েছে।”
সকাল সোয়া ৯টায় কেন্দ্রটিতে নৌকা ও মোমবাতি এবং স্বতন্ত্র প্রার্থী ঈগলের চারজন এজেন্ট আছেন।
পশ্চিম ডেঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৬টি বুথে ২৬৩২ জন ভোটারের মধ্যে সকাল ১০টা পর্যন্ত ৬৩২ ভোট পড়েছে বলে জানান প্রিসাইডিং অফিসার অনুপম শিকদার।
এই কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী ঈগলের ৫জন এজেন্ট ছিল।
দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো জাহাঙ্গীর আলম বলেন, “অন্যান্য প্রার্থীর অ্যাক্টিভিটি নাই, সবাই স্বতস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।
রাউজানে ভোটার লাইন, এজেন্ট সব প্রার্থীর
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের পশ্চিম গহিরা ইউনুচ সুফিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।
এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নিক্সন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কেন্দ্রটিতে ৭টি বুথে মোট ভোটার ৩৩৬৬ জন। সব প্রার্থীর এজেন্ট আছে। সকাল ১১টা ১৫মিনিট পর্যন্ত ৫৪৩ ভোট পড়েছে।
চট্টগ্রাম-৬ আসনে ৯৫টি কেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্রে ২৩ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশনের এপসে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে।
চন্দনাইশে নারী কেন্দ্রে সকাল নয়টা পর্যন্ত ভোট পড়ে ৫০
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের খাগরিয়া গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি নারী ভোটারদের জন্য নির্ধারিত। সেখানে ভোটার সংখ্যা ২৬৯৮ জন। সকাল ৯টা পর্যন্ত সেখানে ৫০ জন ভোট দিয়েছেন।
এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল বাশার চৌধুরী জানান, কেন্দ্রের ৫ নম্বর বুথে সকাল সোয়া নয়টা পর্যন্ত ৩ জন ভোট দিয়েছেন। আর ৬ নম্বর বুথে ৪৯৫ জনের মধ্যে ১০ জন ভোট দেন।
দক্ষিণ কেওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরুষ ও মহিলাদের দুটি কেন্দ্র।
সকাল ১০টা পর্যন্ত পুরুষ কেন্দ্রে ২৫৬৮ ভোটের মধ্যে ২০ জন ভোট দিয়েছেন বলে জানান প্রিসাইডিং অফিসার গোলাম মোস্তফা এবং নারী কেন্দ্রের ২১৩১ জন ভোটারের মধ্যে ৩০ জন ভোট দেন বলে জানান কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা আবু সুফিয়ান।
সাতকানিয়া-লোহাগাড়ায় ২৭টি কেন্দ্রের ভোট ১০ শতাংশ
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে আওয়ামী লীগের প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী সাংবাদিকদের বলেন, “আমাদের এলাকায় ভোটে কোনো সমস্যা নেই। সময় গড়ালে ভোটারের সংখ্যা বাড়বে।
“তবে নির্বাচনের প্রচারের সময় বিভিন্ন জায়গায় আমি গিয়েছি। তখন ভোটাররা আমাকে বলেছে, কিছু প্রার্থীর লোকজন তাদের কেন্দ্রে যেতে নিষেধ করেছে।”
সাতকানিয়া এমইউ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৩৬৬০ ভোটারের মধ্যে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৪৬১ জন ভোট দিয়েছেন।
সাতকানিয়া মডেল হাইস্কুলে পুরুষ ও নারীদের দুটি কেন্দ্র। সেখানে ২৭১৬ জন পুরুষ ভোটারদের মধ্যে ৯১ জন এবং ২৬৫২ জন নারী ভোটারের মধ্যে ১১৮ জন সকাল ১০টা পর্যন্ত ভোট দেন।
এই নারী কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রনি দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রের বাইরে ২টি পটকা বিস্ফোরিত হয়। একটি পটকা কেন্দ্রের সীমানার মধ্যে মাঠে এসে পড়ে। সেটি অবিস্ফোরিত ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে সেগুলো নিয়ে গেছে।”
সাতকানিয়া মাদার্শা এলাকায় বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৩৯৩৩ ভোটের মধ্যে সকাল ১০টা পর্যন্ত ৬৬৯ ভোট পড়েছে।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের ১৫৭টি কেন্দ্রের মধ্যে ২৭টি কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ১০ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশনের এপস থেকে জানা গেছে।
বাঁশখালীতে ভোট পড়েছে ৪৬৭টি
বাঁশখালী পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের জলদী কেয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম দুই ঘণ্টায় ৪৬৭ জন ভোট দিয়েছেন। যা মোট ভোটারের ১৭ শতাংশ। এই কেন্দ্রে মোট ভোটার রয়েছে ২৭৯৭ জন।
সকাল পৌনে নয়টায় এই কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের ভেতরে ভোটারদের সারি। আর বাইরে তিন প্রার্থীর সমর্থকদের জটলা। বাইরে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে বলে জানান প্রিজাইডিং কর্মকর্তা মো. জহিরুল হক।
উপজেলার জলদী ভাদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ হাজার ৪৮৬ জনের মধ্যে প্রথম দুই ঘণ্টায় ভোট দিয়েছেন ২৯১ জন।
এই কেন্দ্রেও বাইরে নৌকা ও ঈগল প্রতীকের ব্যাচধারীদের অবস্থান করতে দেখা যায়৷ তবে কেন্দ্রের ভেতরের ভোটার উপস্থিতি ছিল কম।
নগরীর চট্টগ্রাম-৯ (কোতোয়ালী –বাকলিয়া) আসনে সকাল ১০টা পর্যন্ত ৬ শতাংশ এবং চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলি) ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ৭ শতাংশ ভোট পড়েছে বলে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ এপস এর তথ্য থেকে জানা গেছে।
চট্টগ্রামের সব আসন মিলিয়ে মোট ভোট কেন্দ্র ২ হাজার ২৩টি এবং ভোট গ্রহণ কক্ষের সংখ্যা ১৩ হাজার ৭৩২টি।
জেলার ২ হাজার ২৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪৬৩টিকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
চট্টগ্রামের ১৬টি আসনে এবার মোট ভোটার ৬৩ লাখ ১৪ হাজার ৩৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২ লাখ ৮৯ হাজার ৫৯০ জন; নারী ভোটার ৩০ লাখ ২৪ হাজার ৭৫১ জন; এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫৬ জন।
প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন ৪৩ হাজার ২১৯। ১০ শতাংশ সহ ভোট গ্রহণের দায়িত্বে থাকছেন মোট ৪৭ হাজার ৫৪৪ জন।
আওয়ামী লীগসহ ২০টি দল এবং স্বতন্ত্র মিলিয়ে ১৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতায় আছে ১২৫ প্রার্থী। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের সাথে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যেই।
বিএনপিবিহীন দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসসে আওয়ামী লীগের সঙ্গে লড়ছে স্বতন্ত্রসহ আরও ১৯ দলের প্রার্থীরা।
সীতাকুণ্ড, রাউজান, রাঙ্গুনিয়া, আনোয়ারা, কোতোয়ালি- এ পাঁচ আসনে আওয়ামী লীগের জয় মোটামুটিমু নিশ্চিত। অন্য ১১টি আসনের মধ্যে ৯টিতে নৌকার প্রার্থীর সঙ্গে দলের মনোনয়ন প্রত্যাশী স্বতন্ত্র প্রার্থীর ভোট যুদ্ধ হবে। বাকি দুটিদু আসন জাতীয় পার্টিকে ছাড়া হয়েছে, তবে এদুটিতেও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন।
