০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে নৌকার প্রতিপক্ষ ঈগল, কেটলি, ফুলকপি

এবার জেলার সব আসন মিলিয়ে মোট ১২০ জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চট্টগ্রামে নৌকার প্রতিপক্ষ ঈগল, কেটলি, ফুলকপি

চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সিটি মেয়র মনজুর আলম পেয়েছেন ফুলকপি প্রতীক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2023, 08:10 PM

Updated : 18 Dec 2023, 10:47 PM

দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে যে কয়টিতে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে, সেখানে নৌকার সাথে লড়বেন ঈগল, কেটলি ও ফুলকপি প্রতীকের প্রার্থীরা।

এবার জেলার সব আসন মিলিয়ে মোট ১২০ জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার চট্টগ্রামের দুই রিটার্নিং কর্মকর্তা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে আওয়ামী লীগের প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে মাহবুব রহমান রুহেল লড়ছেন নৌকা প্রতীক নিয়ে।

এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগের নেতা গিয়াস উদ্দিন। তিনি পেয়েছেন ঈগল প্রতীক। আসনটিতে জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বিএনএফ, বিএসপিসহ মোট ৭ জন প্রার্থী।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রয়াত নেতা রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার সনি।

আসনটির বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ‘ফুলের মালা’, বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী ‘একতারা’ ও স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব ‘তরমুজ’ প্রতীক বরাদ্দ পেয়েছেন। এ আসনে মোট ৮ জন প্রার্থী আছেন।  

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নৌকা প্রতীকের প্রার্থী মাহফুজুর রহমান মিতা। এখানে স্বতন্ত্র প্রার্থী জামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন ঈগল প্রতীক। জাতীয় পার্টির এম এ ছালামসহ (লাঙ্গল) মোট ৮ জন প্রার্থী আছেন ভোটের লড়াইয়ে।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আওয়ামী লীগের প্রার্থী এস এম আল মামুন। এখানে লাঙ্গল প্রতীকের প্রার্থী জাপার মো. দিদারুল কবিরসহ মোট ৬ জন ভোটের মাঠে আছেন।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদ। তিনি লড়বেন লাঙ্গল প্রতীক নিয়ে। এখানে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহজাহান চৌধুরী স্বতন্ত্র হিসেবে পেয়েছেন কেটলি প্রতীক। এ আসনে মোট প্রার্থী ৭ জন।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আওয়ামী লীগের প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী ভোট করবেন নৌকা প্রতীক নিয়ে। এখানে মোট প্রার্থী ৫ জন।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ নৌকার প্রার্থী। তিনি ছাড়াও এ আসনে মোট ছয় জন প্রার্থী আছেন প্রতিদ্বন্দ্বিতায়।

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে লাঙ্গল প্রতীক নিয়ে লড়বেন জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ। এখানে কেটলি প্রতীক পেয়েছে স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম, তিনি নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। এ আসনে মোট ১০ জন প্রার্থী রয়েছেন।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ আসনে মোট ৭ জন প্রার্থী আছেন।

Image

চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেলের প্রতিদ্বন্দ্বী আছেন ছয়জন।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-খুলশী) আসনে প্রার্থী ৯ জন। আওয়ামী লীগের মনোনীত মহিউদ্দিন বাচ্চু লড়বেন নৌকা প্রতীক নিয়ে। এখানে স্বতন্ত্র প্রার্থী সাবেক সিটি মেয়র মনজুর আলম পেয়েছেন ফুলকপি প্রতীক। আরেক স্বতন্ত্র প্রার্থী নগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ পেয়েছেন কেটলি প্রতীক।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে নৌকার প্রার্থী এম এ লতিফ। এখানে তার সাথে মূল প্রতিদ্বদিন্দ্বতা হবে কেটলি প্রতীক পাওয়া স্বতন্ত্র প্রার্থী ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমনের সঙ্গে। এ আসনে মোট প্রার্থী ৭ জন।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে এবার নৌকা প্রতীক নিয়ে লড়ছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক বরাদ্দ পেয়েছেন বর্তমান সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী। এখানে মোট প্রার্থী ৮ জন।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছেন। মোট ৭ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছেন এ আসনে।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে আওয়ামী লীগের নজরুল ইসলাম চৌধুরী নৌকা প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবদুল জব্বার চৌধুরী বরাদ্দ পেয়েছে ট্রাক প্রতীক। এ আসনে মোট আটজন প্রার্থী রয়েছেন।

Image

চট্টগ্রাম-১০ আসনে নৌকার মহিউদ্দিন বাচ্চু প্রতীক পাওয়ার পর প্রচার শুরু করে দিয়েছেন।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) আসনে নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছেন বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মোতালেব পেয়েছেন ঈগল প্রতীক। এ আসনে মোট প্রার্থী ৭ জন।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী নৌকা প্রতীক নিয়ে লড়বেন। স্বতন্ত্র প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান পেয়েছেন ঈগল প্রতীক। এখানে মোট প্রার্থী ১০ জন। 

প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন। নগরীর প্রার্থীরা সোমবার থেকেই বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেছেন।