চট্টগ্রামে হয়ে গেল ‘অনুপম সময়’
অনুষ্ঠান শেষে বোধনের পক্ষ থেকে তাকে স্মারক ও উপহার প্রদান করা হয়।
একুশে পদপ্রাপ্ত সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেনের কবিতা, অনুবাদ কবিতা ও প্রবন্ধ থেকে আবৃত্তি ও পাঠের আয়োজন করেছে বোধন আবৃত্তি পরিষদ।
শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘অনুপম সময়’ শিরোনামের এ অনুষ্ঠানে তার জীবনালেখ্যও তুলে ধরা হয়।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘এবার ফিরাও মোরে’ ও ‘জন্মদিন’ কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
বর্ষীয়ান এ শিক্ষককে নিয়ে কথামালায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মাহবুবুল হক, একই শিক্ষালয়ের সমাজতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ড. ওবায়দুল করিম দুলাল, বাংলা বিভাগের অধ্যাপক ড. মহিবুল আজিজ, বন্দর মহিলা কলেজের উপাধ্যক্ষ কবি সেলিনা শেলী, অনুপম সেনের মেয়ে তনয়া ইন্দ্রাণী সেন।
অনুষ্ঠানে অনুপম সেনের রচনা থেকে আবৃত্তি পরিবেশন করেন শিমুল নন্দী, মাইনুল আজম চৌধুরী, মোহিনী সংগীতা সিংহ, লাভলী আক্তার নিশাত, রাজিউর রহমান বিতান, তূর্ণা দাম, উর্মি চৌধুরী, মৃত্তিকা চক্রবর্তী, ইতু সাহা, সুতপা মজুমদার, মোহাম্মদ জাহিদুল ইসলাম, অনিমেষ পালিত, ঝলক কুমার সেতার রুদ্র, জয়শ্রী মজুমদার জয়া।
কবি আলী প্রয়াসের রচনা ও সম্পাদনায় জীবনালেখ্য পাঠ করেন প্রবীর পাল, তৈয়বা জহির আরশি, জাভেদ হোসেন, রমিজ বাবু এবং রীমা দাশ।
প্রবন্ধ পাঠ করেন আবৃত্তিশিল্পী শিমুল নন্দী ও পিউ সরকার।
অনুষ্ঠান শেষে বোধনের পক্ষ থেকে ড. অনুপম সেনকে স্মারক ও উপহার প্রদান করেন বোধনের সভাপতি আবদুল হালিম দোভাষ। অনুষ্ঠানের পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন বোধনের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী।
