২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বঙ্গবন্ধু টানেলের দেয়ালে ট্রাকের ধাক্কা

গাড়িটি আটক করা হলেও এর চালককে পাওয়া যায়নি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2024, 06:43 PM

Updated : 18 Jan 2024, 06:43 PM

মুরগিবাহী একটি মিনি ট্রাকের ধাক্কায় চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেলের ভেতরের দেয়াল সজ্জায় লাগানো বোর্ডের কিছু অংশ ভেঙে গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

টানেলে দায়িত্ব পালনকারী বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টানেলের আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গা প্রান্তের দিকে যাচ্ছিল মিনি ট্রাকটি। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে এটি টানেলের দেয়াল ঘেষে চলে যায়।

“এতে দেয়ালে লাগানো সিলিকনের তৈরি ডেকোরেটিভ ওয়ালের প্রায় ৮০ ফুট অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।”

মিনি ট্রাকটি মুরগি বহন করছিল। এটি অন্য কোনো গাড়িকে ধাক্কা দেয়নি। গাড়িটি আটক করা হলেও এর চালককে পাওয়া যায়নি।

সহকারী প্রকৌশলী তানভীর রিফা বলেন, “শুধু ডেকোরেটিভ ওয়াল ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণের পর বলা যাবে।”

এতে টানেলের কোনো ইউটিলিটে লাইন বা অন্য কিছু ক্ষতিগ্রস্ত হয়নি বলেও জানান তিনি।