চট্টগ্রামে এক লাখ ইয়াবাসহ দুজন গ্রেপ্তার
দুটি আলাদা অভিযানে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
চট্টগ্রামে আলাদা দুটি অভিযানে এক লাখ ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
তারা হলেন- মো. কালু (৪৬) ও মো. শাহাবউদ্দিন ওরফে বাবুল (৩৭)।
বৃহস্পতিবার ভোরে নগরীর শাহ আমানত সেতু ও ফিরিঙ্গী বাজার মেরিনার্স রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়; এ সময় একটি ট্রাকও জব্দ করা হয় বলে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) মুহাম্মদ আলী হোসেন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কক্সবাজার থেকে একটি ট্রাকে করে ইয়াবা আনা হচ্ছে এমন তথ্য পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল মেরিনার্স রোডের ওমর আলী মার্কেটের সামনে অবস্থান নেয়। এসময় কোতোয়ালীর দিকে আসা একটি খালি ট্রাকে তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাকের চালক কালু কক্সবাজার থেকে কমদামে এসব ইয়াবা কিনে বিক্রির জন্য চট্টগ্রামে নিয়ে এসেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেন।
এদিকে গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের আলাদা একটি দল শাহ আমানত সেতু সংলগ্ন পুলিশ বক্সের কাছে অপর এক ব্যক্তির কাছ থেকে আরও ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে।
এই অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশের পরিদর্শক রিপন কুমার দাশ জানান, পুলিশ বক্স সংলগ্ন চায়ের দোকানের কাছে এক ব্যক্তি ইয়াবা নিয়ে অবস্থানের তথ্য পেয়ে তারা অভিযানে যায়।
এসময় তারা ব্যাগ নিয়ে অবস্থান করা শাহাবউদ্দিনকে আটক করে ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
পরিদর্শক রিপন জানান, ইয়াবাগুলো শাহাবউদ্দিন কক্সবাজার থেকে চট্টগ্রাম নিয়ে আসেন। ব্যাগ নিয়ে ইয়াবাগুলো অপর এক ব্যক্তিকে সরবরাহ করার জন্য তিনি সেখানে অপেক্ষা করছিলেন।
এ ঘটনায় বাকলিয়া ও কোতোয়ালী থানায় আলাদা মামলা হয়েছে।
