চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু, আক্রান্ত আরো ১১১ জন
বুধবার পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১৮৮৭ জন, যা গত কয়েক বছরের মধ্যে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ।
চট্টগ্রামের আগের ২৪ ঘণ্টায় আরও ১১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দেয়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানা যায়, ডেঙ্গুতে মারা যাওয়া মো. ইমরান (৯) কক্সবাজার জেলার উখিয়ার বাসিন্দা।
সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. ইমরান মারা যায়। তবে বুধবারের প্রতিবেদনে তার মৃত্যুর বিষয়টি জানানো হয়।
এ নিয়ে জেলায় চলতি জুলাই মাসে ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু হলো। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ২৪ জন। এর মধ্যে ১৩ জন শিশু, ছয়জন পুরুষ ও পাঁচজন নারী।
বুধবার পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১৮৮৭ জন, যা গত কয়েক বছরের মধ্যে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ। গত বছর নভেম্বরে জেলায় ২০০৭ জন এবং অক্টোবরে ১৮৬১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল।
২০২২ সালের নভেম্বরে জেলায় গত কয়েক বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ ১৯ জন ডেঙ্গুতে মারা গিয়েছিল। আর ওই বছর অক্টোবরে মারা যায় ১১ জন।
চলতি মাসে ২২ জুলাই থেকে জেলায় প্রায় প্রতিদিনই একশ’র বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। এরমধ্যে ২২ জুলাই একদিনে সর্বোচ্চ ১৪৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়।
২৩ জুলাই ১১১ জন, ২৪ জুলাই ৯৩ জন, ২৫ জুলাই ১১৪ জন এবং সবশেষ বুধবার ১১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার তথ্য জানানো হয় প্রতিবেদনে।
জেলায় এখন পর্যন্ত শনাক্ত রোগীদের মধ্যে নগরীর বাসিন্দা ১৬৯১ জন। বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা। উপজেলাগুলোর মধ্যে সীতাকুণ্ডে সর্বোচ্চ ২৯৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
বুধবার জেলার বিভিন্ন হাসপাতালে ২৭৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। তার মধ্যে সবচেয়ে বেশি চট্টগ্রাম মেডিকেলে ১১২ জন ডেঙ্গু রোগী আছে।
এদিকে নগরীতে এইডিস মশার লার্ভা পাওয়ায় ১৬টি ভবনের মালিককে মোট ১ লাখ ২১ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।
সিসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন ও রাজস্ব কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ নগরীর চকবাজার, কাতালগঞ্জ ও সিরাজুদ্দৌলা রোড এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় শতাধিক বাসাবাড়ির ছাদ, বাগান ও নির্মাণাধীন ভবন ড্রোন দিয়ে জরিপ করা হয়।
অভিযানে নির্মাণাধীন ভবনের নীচে, ফুলের টব, ড্রাম ও ছাদে জমে থাকা পানিতে মশার লার্ভা থাকায় ১৬ ভবন মালিকের কাছ থেকে ১ লাখ ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাসেম, ম্যালিরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মে. সরফুল ইসলাম মাহি প্রমুখ।
