২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক স্ট্যাটাস: চবি শিক্ষককে কারণ দর্শানোর নোটিস

গত ৩০ জুলাই নিজের ফেইসবুক ওয়ালে ‘স্টেপ ডাউন হাসিনা’ হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করেন মাইদুল ইসলাম।

ফেইসবুক স্ট্যাটাস: চবি শিক্ষককে কারণ দর্শানোর নোটিস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মাইদুল ইসলাম।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2023, 07:54 PM

Updated : 24 Aug 2023, 07:54 PM

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘স্টেপ ডাউন হাসিনা’ স্ট্যাটাস দেয়ার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মাইদুল ইসলামকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ৩০ জুলাই নিজের ফেইসবুক ওয়ালে ‘স্টেপ ডাউন হাসিনা’ হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করেন মাইদুল ইসলাম।

এই বিষয়ে গত ২০ অগাস্ট আইননানুগ ব্যবস্থা নিতে উপাচার্যের কাছে দাবি জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মাইদুল ইসলামের স্থায়ী ঠিকানা এবং ই-মেইলে রেজিস্ট্রার স্বাক্ষরিত শোকজ নোটিস পাঠানো হয়েছে।”

নোটিসে বলা হয়, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চেয়ে এবং তার সরকারের বিরুদ্ধে নানা কুৎসা রটনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং তা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত বিধান পরিপন্থি।

“এ ব্যাপারে আপনার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না তা আগামী ১৫ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর জন্য আদেশক্রমে আপনাকে অনুরোধ করা হলো।”

সহযোগী অধ্যাপক মাইদুল ইসলাম বর্তমানে গবেষণা ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন।