ফোনে অশ্লীল ছবি পাঠিয়ে হুমকি: এক ব্যক্তিকে ৫ বছরের কারদণ্ড
ছাত্রীনিবাসের এক শিক্ষার্থীকে মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অশ্লীল ছবি পাঠিয়ে টাকা দাবি করা হয়।
মোবাইল ফোনে এক শিক্ষার্থীকে অশ্লীল ছবি দিয়ে হুমকির অপরাধে এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মুহাম্মদ আবদুল হালিম রোববার শচীন বড়ুয়া নামে ওই ব্যক্তিকে এ সাজা দেন।
কারাদণ্ডের পাশাপাশি তাকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সাজা দেওয়া হয়েছে।
বর্তমানে কারাগারে আটক শচীনের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের মহামুনি এলাকায়।
সিএমএম আদালতের নাজির আবুল কালাম আজাদ জানান, বিচারক পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি ধারায় পাঁচ বছর কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেন। অপর একটি ধারায় দুই বছর কারাদণ্ড এবং আরও এক লাখ টাকা জরিমানা করা হয়।
মামলার এজাহার থেকে জানা গেছে, নগরীর চট্টেশ্বরী এলাকার একটি ছাত্রীনিবাসের এক শিক্ষার্থীর মোবাইল ফোনে ২০২০ সালের ৪ মার্চ হোয়াটসঅ্যাপের মাধ্যমে অশ্লীল ছবি পাঠানো হয়।
পরে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে ওই ব্যক্তি। তা না হলে ইন্টারনেটে ছবিটি ছড়িয়ে দেওয়া হবে বলে ওইদিন সকাল থেকে রাত পর্যন্ত ওই শিক্ষার্থীকে টানা হুমকি দেওয়া হয়।
ওই শিক্ষার্থী পরদিন চকবাজার থানায় নিজে বাদী হয়ে পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেন।
পুলিশ তদন্ত শেষে শচীন বড়ুয়াকে আসামি করে ২০২১ সালের ১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয়। ওই বছরের ১৫ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রোববার এ রায় দিয়েছেন।
