চট্টগ্রামে একটি গুদামের ১০৭ টন কাপড় জব্দ
বন্ড সুবিধার আওতায় আমদানি করে খোলাবাজারে বিক্রি চেষ্টার অভিযোগে এই কাপড় জব্দ করার কথা জানিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাড়।
বন্ড সুবিধার আওতায় আমদানি করে খোলাবাজারে বিক্রি চেষ্টার অভিযোগে চট্টগ্রামের একটি গুদাম থেকে ১০৭ টন কাপড় জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
গত ১৩ অক্টোবর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এই অভিযান পরিচালনার পর মঙ্গলবার তারা ঘটনাটি গণমাধ্যমকে জানায়।
সাভার ইপিজেডের গোল্ডটেক্স গার্মেন্টস লিমিটেড এ মসের শুরুতে চট্টগ্রাম বন্দর দিয়ে এসব ‘পলিয়েস্টার ফেব্রিকস’ আমদানি করে।
শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে জানানো হয়, বন্ডের আওতায় শুল্কমুক্ত সুবিধায় তারা এসব কাপড় আমদানি করে। প্রতিষ্ঠানটির সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল চট্টগ্রামের হালিশহর এলাকার স্পিডওয়ে লজিস্টিকস।
প্রতিষ্ঠানটি বন্দর থেকে এসব পণ্য তাদের নির্ধারিত বন্ডেড গুদামে না নিয়ে নগরীর হালিশহর এলাকার ভাড়া করা গুদামে নিয়ে গিয়ে খোলাবাজারে বিক্রির জন্য মজুত করেছিল বলে শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে বলা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত মহাপরিচালক মো. বশির আহমেদ বলেন, “সরকার এ ধরনের পণ্য আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দিয়ে থাকে। কিন্তু প্রতিষ্ঠানটি এ সুযোগ নিয়ে তিনটি কন্টেইনারে ১০৭ টন কাপড় খোলাবাজারে বিক্রির পাঁয়তারা করছিল। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হচ্ছিল।”
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা কাপড়ের শুল্কায়নযোগ্য মূল্য প্রায় ৩ কোটি ২২ লাখ টাকা এবং রাজস্ব ঝুঁকির পরিমাণ প্রায় দুই কোটি ৮৮ লাখ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সিঅ্যান্ডএফ এজেন্টের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি এবং মুদ্রা পাচার আইনে মামলা করা হয়েছে।
