জামায়াতের এখনও রাজনীতি করা ‘বিস্ময়কর’: নাছির
“বঙ্গবন্ধুসহ উনার পরিবারের অবুঝ শিশু রাসেল হত্যার যে বেদনাদায়ক ট্র্যাজেডি ঘটেছে তা এখনও আমরা মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরতে পারিনি।”
জামায়াতে ইসলামীর এখনও রাজনীতিতে থাকার বিষয়টি ‘বিস্ময়কর’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
তিনি বলেছেন, “এই অবাক বিস্ময়ের মূল খলনায়ক জিয়াউর রহমান, এরশাদ এবং অতপর খালেদা জিয়া ও তার কুসন্তান তারেক জিয়া। এদের প্রত্যেককেই মানবতাবিরোধী অপরাধের দায়ে কাঠগড়ায় দাঁড়িয়ে কঠোর শাস্তি ভোগ করতে হবে।”
শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার নগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত সভায় আ জ ম নাছির বলেন, “বঙ্গবন্ধুসহ উনার পরিবারের অবুঝ শিশু রাসেল হত্যার যে বেদনাদায়ক ট্র্যাজেডি ঘটেছে তা এখনও আমরা মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরতে পারিনি। এজন্য এই হত্যাকাণ্ডের যে বেনিফিসিয়াররা- তারা মাঠে রাজনীতি করতে পারছে।“
শিশু রাসেল হত্যাকে ইতিহাসের সবচাইতে নৃশংসতম ঘটনা উল্লেখ করে তিনি বলেন, “দুর্বিনীত বর্বর ঘাতকরা বঙ্গবন্ধুর রক্তকে ভয় পায় বলেই অবুঝ শিশু রাসেলকে ঠাণ্ডা মাথায় হত্যা করেছিল। আল্লাহর অশেষ রহমতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোটবোনকে নিয়ে মাত্র ১৫ দিন আগে জার্মানিতে চলে গিয়েছেন বলে তিনি প্রাণে বেঁচে যান। আমাদের সৌভাগ্য তিনি আজ বাংলাদেশকে অনন্য উচ্চতায় আসীন করেছেন।”
গত ১৪ বছরের আওয়ামী লীগের শাসন আমল নিয়ে তিনি বলেন, “একটি গরিব দেশকে তিনি স্তরে স্তরে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন এবং তার লক্ষ্য বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা।
“তার এই লক্ষ্য অর্জনে অবশ্যই আমরা তার হাতকে শক্তিশালী করব এবং ঐক্যের ভিত্তিকে সুদৃঢ় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম মহানগর ও সংলগ্ন এলাকার ৬টি আসনে যাকেই নৌকা প্রতীক দেবেন, তার বিজয় সুনিশ্চিত করতে এখনই ভোটারদের মন জয় করার কাজ শুরু করে দিতে হবে।”
সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, “দেশ-বিদেশে বিএনপি-জামাত ও তথাকথিত সুশীলরা বাংলাদেশে মানবাধিকার গেল গেল বলে হৈচৈ শুরু করে দিয়েছেন। এর মধ্যেও জাতিসংঘের মানবাধিকার কমিশনে সর্বোচ্চ সংখ্যক ১৬০ ভোট পেয়ে বাংলাদেশের সদস্য নির্বাচিত হওয়াটা যারা মানবাধিকার গেল বলে হৈচৈ করেছে, তাদের গালে শক্ত একটি চপেটাঘাত।
“১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী পৃথিবীর বুকে সবচেয়ে ভয়াবহতম গণহত্যা চালিয়েছে। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুর পরিবারের ১৯ জন সদস্যসহ অবুঝ শিশু শেখ রাসেলকেও হত্যা করা হয়েছে। এই জঘন্য অপরাধ আর পৃথিবীর বুকে খুঁজে পাওয়া যাবে না।”
প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- নগর কমিটির সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু; উপদেষ্টা শেখ মো. ইসহাক, সম্পাদকমণ্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, হাসান মাহমুদ শমসের, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী মো. হোসেন।
