‘ক্রসফায়ারের হুমকি’: পুলিশসহ ছয়জনের বিরুদ্ধে মামলা
বিচারক মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
চট্টগ্রামে বেসরকারি হাসপাতালের এক কর্মীকে ‘মিথ্যা মামলায় জড়ানো ও ক্রসফায়ারের হুমকি’ দেওয়ার অভিযোগে চার পুলিশসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে।
চট্টগ্রামের মা ও শিশু জেনারেল হাসপাতালের সহকারী ওয়ার্ড মাস্টার মো. কামরুল ইসলাম (৪৮) বুধবার চট্টগ্রামের মহানগর হাকিম আদালতে এ মামলা করেন।
বিচারক কাজী শরিফুল ইসলাম মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানান বাদীর আইনজীবী জুয়েল দাশ।
চট্টগ্রামের বন্দর থানার সাবেক ওসি মহিউদ্দিন মাহমুদ, এসআই রবিউল ইসলাম, এএসআই কে এম জান্নাত সজল ও এসআই মঙ্গল বিকাশ চাকমা, বন্দর এলাকার বাসিন্দা মো. জামাল উদ্দিন ফরাজী ও তার ভাই মো. মিলন ফরাজীকে মামলায় আসামি করা হয়েছে।
আইনজীবী জুয়েল দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কামরুল ইসলামকে দুটি মিথ্যা মামলায় জড়ানো হয়। তারপর ২০১৯ সালে তাকে আটক করে শহরের বিভিন্ন স্থানে ঘুরিয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে এক লাখ টাকা দাবি করে আসামিরা।
“পরে তার কাছ থেকে টাকা আদায় করতে পারেনি। মামলা দুটির তদন্তে কামরুলের বিরুদ্ধে কোনো অভিযোগ না পেয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। বিভিন্ন সমস্যার কারণে তিনি এতদিন মামলা করতে পারেননি।”
মামলার অভিযোগে বলা হয়, কামরুল পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার কাকড়া বুনিয়া গ্রামের মৃত আব্দুল হক খলিফার ছেলে। আসামি জামাল উদ্দিন ফরাজী ও মিলন ফরাজীও একই এলাকার। সে কারণে কামরুলের সাথে তাদের পূর্ব পরিচয় ছিল।
ওই পরিচয়ের সূত্র ধরে জামাল ও মিলনের প্রতিষ্ঠিত সমবায় সমিতিতে টাকা জমা রাখেন কামরুল। সেখানে কয়েক বছরে জমা হওয়া আট লাখ টাকা পরে ফেরত চাইলে ‘পুলিশের সহায়তায়’ কামরুলকে দুটি চুরির মামলায় আসামি করা হয় বলে অভিযোগ করা হয়েছে এজাহারে।
এর মধ্যে বন্দর থানার একটি চুরির মামলায় ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর কামরুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর কামরুলকে নগরীর বিভিন্ন স্থানে ঘোরানো হয় এবং ‘ক্রসফায়ারের হুমকি দিয়ে’ কামরুলের কাছে এক লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ করা হয়েছে মামলায়। ওই মামলায় পাঁচ দিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান কামরুল।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বর্তমানে নগর পুলিশের বিশেষ শাখায় কর্মরত বন্দর থানার সে সময়ের ওসি মহিউদ্দিন মাহমুদকে কয়েকবার ফোন করেও তার সাড়া পাওয়া যায়নি।
