চট্টগ্রামে বেলা যত বাড়ছে ভোটারের সারিও লম্বা হচ্ছে
“ভোট দিয়েছি, কোনো সমস্যা হয়নি।”
চট্টগ্রামের বিভিন্ন আসনের একাধিক কেন্দ্র ঘুরে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার উপস্থিতি দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সারিও লম্বা হচ্ছে।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের উত্তর কাট্টলী মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী ভোটকেন্দ্রে ৩৬৬৭ ভোট এবং পুরুষ কেন্দ্রে ৩৬৫১ জন ভোটার আছেন।
বেলা ১১টা পর্যন্ত পুরুষ কেন্দ্র ৮২৯টি ভোটগ্রহণ হয়েছে, যা মোট ভোটের ২২ শতাংশ, বলেছেন এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এ কে এম লুৎফুল করিম।
নারী ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মিজানুর রহমান বলেছেন, বেলা ১১ পর্যন্ত ১৬ শতাংশ ভোট গ্রহণ হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়।
এই কেন্দ্রে ভোট দেওয়া রণজিৎ কুমার মল্লিক (৮০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোট দিয়েছি, কোনো সমস্যা হয়নি।”
আরেক ভোটার শারীরিক প্রতিবন্ধী গোপাল দাশ দুই হাতে দুটি লাঠিতে ভর দিয়ে পরিবারের এক সদস্যের সহায়তায় ভোট দিতে আসেন। তিনিও বললেন, সুন্দরভাবে ভোট দিয়েছেন।
তবে এই কেন্দ্রের ভোটার নিয়াজ মাহমুদ বলেছেন, “অ্যাপে আমাকে এই কেন্দ্রের ভোটার দেখাচ্ছে। কিন্তু এখানে আসার পর ভোটগ্রহণ কর্মকর্তা বলছেন আমার ব্যালট এখানে নেই। তাই ভোট দিতে পারিনি।”
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড এবং নগরীর ৯ ও ১০ নম্বর ওয়ার্ড) আসনে ৪ লাখ ৪৮ হাজার ৩৭৬ জন ভোটার ১২৪টি কেন্দ্রে ভোট দিচ্ছে।
এই আসনে প্রার্থী নয়জন। তারা হলেন- বিএনপি’র আসলাম চৌধুরী (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. আনোয়ার ছিদ্দিকী (দাঁড়িপাল্লা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি’র মো. মছিউদদৌলা (কাস্তে), গণঅধিকার পরিষদের এটিএম পারভেজ (ট্রাক), গণসংহতি আন্দোলনের জাহিদুল আলম (মাথাল), নেজামে ইসলামী পার্টির মো. জাকারিয়া খালেদ (বই), ইসলামী আন্দোলন বাংলাদেশের দিদারুল মাওলা (হাতপাখা), বাংলাদেশ সুপ্রীম পার্টি- বিএসপি’র শহীদুল ইসলাম চৌধুরী (একতারা) এবং ইসলামী ফ্রন্টের সিরাজুদ্দৌলা (মোমবাতি)।
এর আগে সকাল ৮টায় চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনের ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং সকাল ৯টায় কাপাসগোলা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি বেশ কম দেখা গিয়েছিল।
বাঁশখালী উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সেখানেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়ছে।
বাঁশখালী বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বিশ্বনাথ ধর বলেছেন, তার কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৬৫ জন। যার মধ্যে ১ হাজার ৫৯৬ জন পুরুষ ও ১ হাজার ৪৬৯ জন নারী ভোটার।
বেলা পৌনে ১১টার দিকে তিনি বলেন, সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ছে। তিন ঘন্টায় এ কেন্দ্রে ৫০০টির বেশি ভোট পড়েছে।
তিনি বলেন, এ কেন্দ্রে ৬০ শতাংশ ‘মাইনরিটি’ ভোটার। সে হিসেবে ভোটার উপস্থিতি ভালো হচ্ছে।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ৪ লাখ ১১ হাজার ৯৩৪ জন ভোটার ১১২টি কেন্দ্রে ভোট দিচ্ছে।
এই আসনের সাতজন প্রার্থী হলেন- বিএনপির মিশকাতুল ইসলাম চৌধুরী (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মোহাম্মদ জহিরুল ইসলাম (দাঁড়িপাল্লা), ইসলামিক ফ্রন্টের আবদুল মালেক (চেয়ার) , মুসলিম লীগের এহছানুল হক (হারিকেন), গণঅধিকার পরিষদের মো, আরিফুল হক (ট্রাক), ইসলামী আন্দোলনের হাফেজ রুহুল্লাহ (হাতপাখা) ও স্বতন্ত্র প্রাথী মোহাম্মদ লেয়াকত আলী (ফুটবল)।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া একাংশ) আসনের সুচিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৩ শতাংশ।
প্রিসাইডিং অফিসার মোহাম্মদুল হক বলেন, এই কেন্দ্রে ১৫০১ জনের মধ্যে ভোট দিয়েছেন ৫০০ জন।
চন্দনাইশ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাড়ে ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৭০০।
প্রিসাইডিং অফিসার আবুল ফজল মো. মনসুর উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোট ভোটার ২৪০৬ জন, ভোট পড়েছে ৭০০। এই কেন্দ্রে সাড়ে ১১টা পর্যন্ত ভোট পড়েছে ২৮ শতাংশের মতো।
কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার দেবানন্দ বসু বলেন, সাড়ে ১১টা পর্যন্ত তার কেন্দ্রে ভোট পড়েছে ৩৫ শতাংশ, এখানে মোট ভোটার ১৯৯২ জন। নারী ভোটারের উপস্থিতি উল্লেখযোগ্য।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ এবং সাতকানিয়া উপজেলার কেওচিয়া, কালিয়াইশ, বাজালিয়া, ধর্মপুর ও পুরানগড়) আসনে ভোটার ৩ লাখ ১৩ হাজার ৪৩১ জন। তারা ১০০টি কেন্দ্রে ভোট দিচ্ছে।
এই আসনের আটজন প্রার্থী হলেন- বিএনপির জসীম উদ্দীন আহমেদ (ধানের শীষ), এলডিপি’র ওমর ফারুক (ছাতা), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের এইচএম ইলিয়াছ (আপেল), ইসলামী আন্দোলনের মোহাম্মদ আবদুল হামিদ (হাতপাখা), জাতীয় পার্টির মোহাম্মদ বাদশা মিয়া (লাঙ্গল), ইসলামী ফ্রন্টের মো. সোলাইমান (মোমবাতি), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিজানুল হক চৌধুরী (ফুটবল) ও শফিকুল ইসলাম রাহী (মোটর সাইকেল)।
