১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এসএসসির খাতা পুনঃমূল্যায়ন: চট্টগ্রাম শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেল ৮৩ জন

প্রাপ্ত নম্বর পরিবর্তন হলেও জিপিএ পরিবর্তন হয়নি ১ হাজার ৭৯০ জন পরীক্ষার্থীর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Sep 2026, 03:43 PM

Updated : 17 Sep 2026, 02:57 AM

এসএসসি পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৮৩ জন; আর ফেইল থেকে পাস করেছে ১৯০ জন পরীক্ষার্থী। 

বৃহস্পতিবার দুপুরে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়। 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোট ৩৯ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী ফলাফল পুনর্মূল্যায়নের আবেদন করেছিল। এর মধ্যে ২ হাজার ৯৭৫ জনের নম্বর পরিবর্তন হয়েছে।

“এদের মধ্যে জিপিএ পরিবর্তন হয়েছে ১ হাজার ১৮৫ জন পরীক্ষার্থীর। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৮৩ জন এবং ফেল থেকে পাস করেছে ১৯০ জন।”

প্রাপ্ত নম্বর পরিবর্তন হলেও জিপিএ পরিবর্তন হয়নি ১ হাজার ৭৯০ জন পরীক্ষার্থীর। নম্বর পরিবর্তন হলেও জিপিএ-৫ থেকে জিপিএ-৫ রয়েছেন ১১৫ জন। 

এবছর চট্টগ্রাম বোর্ডে পাসের হার ছিল ৫৯ দশমিক ৪৮ শতাংশ।

এবার চট্টগ্রাম বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। তাদের মধ্যে পাস করেছিল ৭৭ হাজার ৪৫৩ জন। আর জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৩৯৮ জন।

পুনঃমূল্যায়নের পর পাস করা শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৭ হাজার ৬৪৩ জন। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে হল ৯ হাজার ৪৮৮ জন। 

এবার এসএসসিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগে ৮৪ দশমিক ৪১ শতাংশ, ব্যবসায় শিক্ষায় ৬০ দশমিক ১২ শতাংশ এবং মানবিক বিভাগে ৩৮ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

আরও পড়ুন

এসএসসিচট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫৯.৪৮

চট্টগ্রাম বোর্ড১৯ বছরের মধ্যে সবচেয়ে বেশি খারাপ ফলাফল

গণিত ও ইংরেজির কারণেই চট্টগ্রাম বোর্ডে মানবিকে ফল বিপর্যয়