১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গণিত ও ইংরেজির কারণেই চট্টগ্রাম বোর্ডে মানবিকে ফল বিপর্যয়

এ বছর মানবিক বিভাগে পাসের হার ৩৮ দশমিক ৭৯ শতাংশ; যা গত ১১ বছরের মধ্যে সর্বনিম্ন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2026, 09:56 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

চলতি বছর এসএসসি পরীক্ষার ফলাফলে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের মত চট্টগ্রাম বোর্ডেও ‘ফলাফল বিপর্যয়’ হয়েছে; যার সবেচেয়ে বেশি প্রভাব পড়েছে মানবিক বিভাগে।

গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭২.০৭ শতাংশ। তবে ২০২৬ সালে তা কমে দাঁড়িয়েছে ৫৯.৪৮ শতাংশে। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১২.৫৯ শতাংশ। সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও।

বোর্ড সংশ্লিষ্টরা বলছেন, এ বছর এসএসসির ফলে সবচেয়ে কম পাসের হার মানবিক বিভাগে ৩৮ দশমিক ৭৯ শতাংশ; যা গত ১১ বছরের মধ্যে সর্বনিম্ন। মূলত গণিত আর ইংরেজি বিষয়ে পিছিয়ে পড়ায় চট্টগ্রাম বোর্ডে এবারের মাধ্যমিকে মানবিক বিভাগের ফলাফল ‘বিপর্যয়’ হয়েছে।

সোমবার প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল বিশ্লেষণে দেখা যায়, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬০ দশমিক ১২ শতাংশ এবং মানবিক বিভাগে পাসের হার ৩৮ দশমিক ৭৯ শতাংশ।

এর মধ্যে গত বছরের তুলনায় এ বছর মানবিক বিভাগে পাসের হার কমেছে ১৬.২৩ শতাংশ। গত বছর এ বিভাগে পাশে হার ছিল ৫৫ দশমিক ০২ শতাংশ।

চট্টগ্রামের একাধিক সরকারি উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেন, স্কুলগুলোতে ফলাফলের ভিত্তিতে নবম শ্রেণিতে বিভাগ বণ্টন করা হয়। ভালো শিক্ষার্থীরা সবাই বিজ্ঞান বিভাগে ভর্তি হয়। এরপর কিছু শিক্ষার্থী ভর্তি হয় ব্যবসায় শিক্ষা বিভাগে। প্রবণতা অনুযায়ী সার্বিকভাবে দুর্বল শিক্ষার্থীরা ভর্তি হয় মানবিক বিভাগে। ফলে তারা ইংরেজি ও গণিতে ভালো ফলাফল করতে পারে না।

মানবিকে বিষয়ভিত্তিক পাসের হার

চট্টগ্রাম বোর্ডের তথ্যানুযায়ী, এ বছর সবচেয়ে কম পাস করেছে ইংরেজিতে। সব বিভাগের শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক এ বিষয়টিতে পাসের হার ৭২ দশমিক ২৭ শতাংশ। এটি বিষয়ভিত্তিক পাসের সর্বনিম্ন হার। এরপর রয়েছে সাধারণ গণিতে ৮০ দশমিক ০৫ শতাংশ।

অন্যান্য বিষয়ভিত্তিক পরীক্ষায় পাশের হার বাংলায় ৯৬ দশমিক ৮৬, সাধারণ বিজ্ঞানে ৯২ দশমিক ৬৩, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি বিষয়ে ৯৯ দশমিক ০৬ শতাংশ, ভূগোল ও পরিবেশে ৯২ দশমিক ২২, পৌরনীতিতে ৯৬ দশমিক ২২, অর্থনীতিতে ৯৪ দশমিক ৫৪ শতাংশ ও ধর্মে ৯৯ শতাংশের বেশি। 

চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী মনে করেন, পাহাড়ের শিক্ষার্থীদের কারণে চট্টগ্রাম বোর্ডে সার্বিকভাবে মানবিক বিভাগে বেশি ফল ‘বিপর্যয়’ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পাহাড়ের বেশিরভাগ স্কুলে মানবিক বিভাগের পরীক্ষার্থীর সংখ্যা বেশি। তাদের বড় একটি অংশ ইংরেজি ও গণিত বিষয়ে অকৃতকার্য হয়ে থাকে; যার কারণে পুরো ফলাফলের ওপর প্রভাব পড়ে।”

অধ্যাপক সাজ্জাদ এর জন্য পাহাড়ি অঞ্চলে শিক্ষক সংকট ও শিক্ষার্থীদের ক্লাসের প্রতি অনাগ্রহকেই দায়ি করেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এ বছর এসএসসিতে অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩০ হাজার ২২৯ জন। এর মধ্যে মানবিক বিভাগ থেকে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৩ হাজার ৭০০ জন। তাদের মধ্যে পাস করেছে ১৬ হাজার ৯৫১ জন। অর্থাৎ এ বিভাগে ফেল করেছে ২৬ হাজার ৭৪৯ পরীক্ষার্থী।

গত ১১ বছরে চট্টগ্রাম বোর্ডে মানবিক বিভাগের পাসের হার

পরীক্ষার বছর

পাসের হার

২০২৬

৩৮.৭৯

২০২৫

৫৫.০২

২০২৪

৭৩.২৩

২০২৩

৬৫.৪১

২০২২

৭৮.৮২

২০২১

৯৭.৪৭

২০২০

৭৫.৮৪

২০১৯

৬৫.৭৯

২০১৮

৬০.১৩

২০১৭

৭৩.৩৬

২০১৬

৮৩.৮২

জেলাভিত্তিক পাসের হার

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডর অধীনে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছে। এরমধ্যে চট্টগ্রাম জেলায় পাসের হার ৬৪ দশমিক ০৩, কক্সবাজার জেলায় ৫৭ দশমিক ০৯, রাঙামাটি জেলায় ৪১ দশমিক ১৭, খাগড়াছড়িতে ৩৪ দশমিক ৯৯ ও বান্দরবানে ৪৭ দশমিক ৮৮ শতাংশ।

শুধু চট্টগ্রাম মহানগরে পাসের হার ৭৪ দশমিক ৩৩ শতাংশ।

চট্টগ্রাম বোর্ড১৯ বছরের মধ্যে সবচেয়ে বেশি খারাপ ফলাফল