১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম বোর্ড: ১৯ বছরের মধ্যে সবচেয়ে বেশি খারাপ ফলাফল

এর আগে ২০০৭ সালে এ বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫৭ দশমিক ৯৪ শতাংশ।

চট্টগ্রাম বোর্ড: ১৯ বছরের মধ্যে সবচেয়ে বেশি খারাপ ফলাফল
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর মোবাইল ফোনে নিজেদের ফল দেখছেন চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: সুমন বাবু

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2026, 03:50 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক পরীক্ষায় ১৯ বছরের মধ্যে সবচেয়ে বাজে ফল হয়েছে এবার।

এবছর চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ। এর চেয়ে কম শিক্ষার্থী পাস করেছিল সবশেষ ২০০৭ সালে; সেবার পাসের হার ছিল ৫৭ দশমিক ৯৪ শতাংশ।

গতবছর এ বোর্ডে পাসের হার ছিল ৭২ দশমিক ০৭ শতাংশ। সে হিসেবে এক বছরে পাসের হার কমেছে ১২ দশমিক ৫৯ শতাংশ পয়েন্ট।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, এবারের ফলাফলে কেন এমন বিপর্যয়, তার কোনো বিশ্লেষণ এই মুহূর্তে তাদের হাতে নেই।

তবে এ বছরের পরীক্ষার্থীরা নবম শ্রেণিতে এক ধরনের কারিকুলাম এবং দশম শ্রেণিতে নতুন কারিকুলামে পড়ালেখা করেছে। সার্বিক ফল বিপর্যয়ের পেছনে এটি একটি কারণ হতে পারে বলে তার ধারণা।

এ বছর চট্টগ্রাম বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। তাদের মধ্যে পাস করেছে ৭৭ হাজার ৪৫৩ জন। আর জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৯৮ জন।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৮ হাজার ৩০২ জন, মানবিকে ১০৫ ও ব্যবসায় শিক্ষা শাখায় ৯৯১ জন।

আর বিজ্ঞান বিভাগে ৮৪ দশমিক ৪১ শতাংশ, ব্যবসায় শিক্ষায় ৬০ দশমিক ১২ শতাংশ এবং মানবিক বিভাগে ৩৮ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এ বছর সবচেয়ে কম পাস করেছে ইংরেজিতে। সব বিভাগের শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক এ বিষয়টিতে পাসের হার ৭২ দশমিক ২৭ শতাংশ। এরপর রয়েছে সাধারণ গণিত, পাসের হার ৮০ দশমিক ০৫ শতাংশ।

অন্যান্য বিষয়ের মধ্যে বাংলায় ৯৬ দশমিক ৮৬, সাধারণ বিজ্ঞানে ৯২ দশমিক ৬৩, রসায়নে ৯৭ দশমিক ০৭, পদার্থ বিদ্যায় ৯২ দশমিক ১৯ শতাংশ, জীব বিজ্ঞানে ৯৬ দশমিক ৯৩, উচ্চতর গণিতে ৯০ দশমিক ৮২, হিসাব বিজ্ঞানে ৯৩ দশমিক ৫৮, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ৯৪ দশমিক ৪৮ শতাংশ,ব্যবসায় উদ্যোগে ৯৭ দশমিক ১৪, ধর্মে ৯৯ শতাংশ এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি বিষয়ে ৯৯ দশমিক ০৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।   

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডর অধীনে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছে।

এর মধ্যে চট্টগ্রাম জেলায় পাসের হার ৬৪ দশমিক ০৩ শতাংশ, কক্সবাজার জেলায় ৫৭ দশমিক ০৯ শতাংশ, রাঙামাটি জেলায় ৪১ দশমিক ১৭ শতাংশ, খাগড়াছড়িতে ৩৪ দশমিক ৯৯ শতাংশ এবং বান্দরবানে ৪৭ দশমিক ৮৮ শতাংশ।

শুধু চট্টগ্রাম মহানগরে পাসের হার ৭৪ দশমিক ৩৩ শতাংশ।

যেসব স্কুল থেকে পাস করেনি কেউ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবছর আটটি স্কুলের কোনো শিক্ষার্থী পাস করেনি। এসব স্কুলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৪ জন।

বোর্ডের তথ্য বলছে, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়নহাট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তিন জন, সন্দ্বীপ উপজেলার উরকিরচর জুনিয়র হাই স্কুল থেকে ১০ জন পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করেনি।

রাঙামাটি জেলার বরকল উপজেলার আঁধার মানিক জুনিয়র হাই স্কুল থেকে ১০ জন, লংগদু উপজেলার মহালছড়ি হাই স্কুল থেকে ১৫ জন, বাঘাইছড়ি উপজেলার শিজক দজরবাজার জুনিয়র হাই স্কুল থেকে পাঁচ পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই ফেল করেছে।

এদিকে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৭ জন, দিঘীনালা উপজেলার জারুলছড়ি হেডম্যান পাড়া উচ্চ বিদ্যালয় থেকে ১৯ জন, তারাবুনিয়া উচ্চ বিদ্যালয় থেকে পাঁচ জন পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করেনি।

অন্যদিকে এ বোর্ডে ২১টি স্কুলে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।