চট্টগ্রামে ‘ডাকাতি করে’ পালনোর পথে অস্ত্রসহ ধরা ৪
কাশেমের নেতৃত্বে ডাকাত দলটি কক্সাবাজারের রামু, মহেশখালী, কুতুবদিয়া থেকে চট্টগ্রামে এসে ডাকাতি করে।
চট্টগ্রামে একটি পিকাআপ ভ্যানে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ চার জনকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে তারা ‘আন্তঃজেলা ডাকাত দলের’ সদস্য।
লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয় পুলিশ জানিয়েছে।
পুলিশ বলছে, এ দলটি পটিয়া উপজেলার ফকির পাড়া এলাকায় ডাকাতি করে কক্সবাজারের দিকে পালিয়ে যাচ্ছিল। পটিয়া থানা পুলিশের কাছ থেকে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন- আবুল কাশেম ওরফে জামাই কাশেম (৫২), সাদেকুর রহমান (৩১), মো. কামাল (৩৫), কেফায়েত হোসেন (২৪)।
তাদের কাছ থেকে দুইটি একনলা বন্দুক, চার রাউন্ড কার্তুজ, ধারালো অস্ত্রসহ ডাকাতির মালামাল উদ্ধার করা হয়।
শুক্রবার সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, এ চক্রটির প্রধান আবুল কাশেম ওরফে জামাই কাশেম।
কাশেমের নেতৃত্বে ডাকাত দলটি কক্সাবাজারের রামু, মহেশখালী, কুতুবদিয়া থেকে চট্টগ্রামে এসে ডাকাতি করে।
“বুধবার গভীর রাতে পটিয়া উপজেলার ফকিরপাড়া এলাকায় ডাকাতি করে তারা কক্সবাজারের দিকে চলে যাচ্ছিল। পটিয়া থানা পুলিশের তথ্যের ভিত্তিতে মহাসড়কের চুনতি বন বিভাগ কার্যালয়ের সামনে চেকপোস্ট বসিয়ে পিকাআপটি আটকানো হয়।”
অতিরিক্ত পুলিশ সুপার রাসেল জানিয়েছেন, পিকআপে তল্লাশি করার সময় তারা পালানোর চেষ্টা করে, পরে পুলিশের হাতে তারা ধরাও পড়ে।
গ্রেপ্তার হওয়াদের মধ্যে কাশেমের বিরুদ্ধে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন থানায় ১২টি ও কামালের বিরুদ্ধে দুইটি ডাকাতির মামলা আছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল।
পটিয়ার স্থানীয় সাংবাদিকরা বলেছেন, বুধবার গভীর রাতে কচুয়াই ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় অস্ত্র ঠেকিয়ে চারটি ঘরে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাত দলের পিটুনিতে কয়েকজন আহত হয়েছে।
