২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে বাসায় ঝুলছিল কিশোরীর লাশ, গ্রেপ্তার ২

“বাবা-মার অভিযোগ হল তাদের মেয়েকে খুন করা হয়েছে।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2026, 04:29 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

চট্টগ্রাম নগরীতে নিজ বাসায় ১২ বছর বয়সি এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

বৃহস্পতিবার লালখান বাজার এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়; তারা হলেন- প্রদীপ লাল ঘোষ (৫২) ও অজয় সিংহ (২৫)। 

গত ৩ জানুয়ারি রাতে নগরীর লালখান বাজার পানির ট্যাংকি এলাকায় নিজ বাসা থেকে ওই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার মা বাদী হয়ে খুলশী থানায় একটি হত্যা মামলা করে। 

বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে লালখান বাজার ভাণ্ডারি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি প্রদীপ ও অজয়কে গ্রেপ্তার করা হয়। 

খুলশী থানার ওসি জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাশ উদ্ধারের পর আমরা একটি অপমৃত্যু মামলা নিয়েছিলাম। কিন্তু তার বাবা-মার অভিযোগ হল তাদের মেয়েকে খুন করা হয়েছে। বুধবার গভীর রাতে বাবা-মার অভিযোগের প্রেক্ষিতে একটি হত্যা মামলা নিয়েছি।”

মামলায় প্রদীপ ও অজয়কে আসামি করা হয়েছে বলে জানান ওসি। 

ওসি জাহিদুল বলেন, ওই কিশোরীর লাশের  ময়নাতদন্ত হয়েছে। 

“এখনও প্রতিবেদন পাওয়া যায়নি। প্রতিবেদন পেলে ঘটনার মূল কারণ বের হবে।”

র‌্যাব বলছে, মেয়েটির পরিবার নগরীর খুলশী খানার লালখান বাজার পানির ট্যাংকি এলাকায় প্রদীপ ঘোষের বাড়িতে ভাড়া থাকেন। তার বাবা-মা দুইজনই পোশাক কারখানায় চাকরি করে। 

তার বাবা সপ্তাহে একদিন বাসায় আসে এবং মা প্রতিদিন দুপুরে কারখানায় কাজে গিয়ে রাতে বাসায় ফেরেন। ওই সময় মেয়েটি ও তার ছোট ভাই বাসায় থাকে। 

বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও বলছে, মেয়েটির বাসার কাছেই তার দাদার বাসা। মাঝেমধ্যে সেখানে তারা যাতায়াত করে।

গত ৩ জানুয়ারিও মেয়েটি তার দাদার বাসায় ছিল। কিন্তু রাত ৯টার দিকে মেয়েটি দাদার বাসায় কাউকে কিছু না বলে নিজেদের বাসায় চলে আসে। নাতনিকে না দেখে দাদা রাত পৌনে ১০টার দিকে তার বাসায় খুঁজতে যায়। 

“এসময় তিনি ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মেয়েটিকে দেখতে পায়, তার গলায় ওড়না প্যাঁচানো ছিল।”