২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ২ নারীকে চেয়ার দিয়ে পেটালেন যুবক

পুলিশ বলছে, দুই নারী মেলায় বেড়াতে এসেছিলেন। খাবার দেওয়া নিয়ে একজনের সঙ্গে কথা কাটাকাটি হয়, পরে তা রূপ নেয় মারামারিতে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2025, 09:56 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

চট্টগ্রামের সিআরবি এলাকায় ভ্রাম্যমাণ খাবারের দোকানের সামনে দুই নারীকে চেয়ার দিয়ে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। 

ভিডিওতে দেখা যায়, মারধরের একপর্যায়ে এক নারী মাটিতে লুটিয়ে পড়লেও পেটানো থামেনি।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায় বৃহস্পতিবার। দবে পুলিশের ভাষ্য, ঘটনাটি ১৬ ডিসেম্বর বিজয় দিবসের রাতের। 

নগরীর সিআরবি এলাকায় ওইসময় চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনের বিজয়মেলা চলছিল। বিজয়মেলা ঘিরে ওই এলাকায় ভ্রাম্যমাণ বিভিন্ন দোকান গড়ে ওঠে।

মারধরের শিকার ওই দুই নারী পুলিশের কাছে অভিযোগ জানালেও এ ঘটনায় জড়িত ব্যক্তিকে বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত শনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি।

পুলিশ বলেছে, ওই দুই নারী নগরীর পতেঙ্গা এলাকা থেকে বিজয়মেলায় বেড়াতে এসেছিলেন। একটি ভ্যাম্যমাণ দোকানে খাবার আগে-পরে দেওয়া নিয়ে এক ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে তা মারামারিতে রূপ নেয়। 

সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবু সাঈদ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই দিন বিজয়মেলা উপলক্ষ্যে সিআরবি এলাকায় অনেক লোক সমবেত হয়। রাত সাড়ে নয়টার দিকে খাবার দেওয়া নিয়ে কথাকাটাটির পর ওই দুই নারী মারধরের শিকার হন বলে শুনেছি। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। 

‘‘ওই দুই নারীর সঙ্গে ওই ব্যক্তির আগে কোনো পরিচয় ছিল না। রাতে মারধরের শিকার দুই নারী আমাদের ফাঁড়িতে এসে অভিযোগ করেছেন। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনাটি তদন্ত করছি।‘‘

কোতয়ালী থানার ওসি আবদুল করিম বলেন, হামলাকারীকে শনাক্তের চেষ্টা চলছে।