চট্টগ্রামে ‘কলহের’ জেরে স্ত্রী খুন, স্বামী গ্রেপ্তার
র্যাব বলছে, বৃহস্পতিবার কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী শ্বাসরোধ করে খুন করেন স্ত্রীকে।
চট্টগ্রামে ‘দাম্পত্য কলহের’ জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে পিরোজপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার জানান, শনিবার রাতে পিরোজপুরের ভাণ্ডারিয়া ইউনিয়নের দক্ষিণ রাজাপাশার এক বাড়ি থেকে আলী আজগর আকন্দ (৩৫) নামের ওই ব্যক্তিকে র্যাব গ্রেপ্তার করে।
নিহত শিরিন আক্তার একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। স্বামী আজগরের সাথে বন্দরনগীর ইপিজেড এলাকায় তিনি থাকতেন।
র্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, “বৃহস্পতিবার রাতে কারখানা থেকে বাসায় ফিরলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে। কথা কাটাকাটির এক পর্যায়ে আজগর শ্বাসরোধ স্ত্রীকে খুন করে পালিয়ে নিজের এলাকা পিরোজপুরে গিয়ে এক বাড়িতে লুকিয়ে ছিলেন।”
প্রাথমিক জিজ্ঞাসাবদে আজগর তার স্ত্রীকে খুন করার কথা ‘স্বীকার করেছেন’ বলে জানান র্যাব কর্মকর্তা নুরুল আবছার।
তিনি বলেন, এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে চট্টগ্রাম ইপিজেড থানায় একটি হত্যা মামলা করলে র্যাব আজগরকে ধরতে অভিযানে নেমে পিরোজপুরে গ্রামের বাড়িতে তার সন্ধান পায়।
