১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম বন্দর: এনসিটি ও লালদিয়া ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে মশাল মিছিল

“বিগত সরকারের সময় নেওয়া একতরফা ইজারা সিদ্ধান্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বহাল রেখেছে, এটি অত্যন্ত দুঃখজনক,” বলেন তপন দত্ত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2025, 11:16 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও লালদিয়ার চর ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মশাল মিছিল করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। 

শনিবার সন্ধ্যায় নগরীর হালিশহর নয়াবাজার থেকে বড়পুল পর্যন্ত এই মিছিল বাজার।

মিছিল পূর্ব সমাবেশে ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত বলেন, “চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি। এই বন্দর নিয়ে কোনো প্রকার ছিনিমিনি খেলা সহ্য করা হবে না। ডক শ্রমিক, সিএন্ডএফ শ্রমিকসহ দেশের শ্রমজীবী মানুষের হাতেই বন্দর পরিচালনা হবে, বিদেশিদের হাতে নয়।”

তিনি বলেন, “বিগত সরকারের সময় নেওয়া একতরফা ইজারা সিদ্ধান্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বহাল রেখেছে, এটি অত্যন্ত দুঃখজনক। দেশের কৌশলগত সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার এই চক্রান্ত জনগণ কখনো মেনে নেবে না। 

“সরকারকে অবিলম্বে এনসিটি ও লালদিয়ার চর ইজারা দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে; অন্যথায় বৃহত্তর কর্মসূচির মাধ্যমে বন্দরসহ সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে।”

এ সময় শ্রমিকনেতা তপন দত্ত আগামী ২২ নভেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবে স্কপের উদ্যোগে বিভাগীয় শ্রমিক কনভেনশন কর্মসূচির ঘোষণা দেন।

সভাপতির বক্তব্যে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, “চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাম্প্রতিক গণবিজ্ঞপ্তিতে সভা-সমাবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ। ভবিষ্যতে নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করা হলে আন্দোলন আরও জোরালো হবে।”

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন, ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, বন্দর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খোকন।