২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন: সহাবস্থান নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর ১১৯তম ওরস উপলক্ষে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট এই সম্মিলন আয়োজন করে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2025, 10:02 PM

Updated : 26 Aug 2026, 11:36 AM

শান্তিপূর্ণ ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে চট্টগ্রামে এক ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলনে’। 

শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে ‘সহিষ্ণুতা, বিচার সাম্য ও সৌহার্দ্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ধর্মীয় বিধিবিধান’ শিরোনামে এই সম্মিলন হয়।  

সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর ১১৯তম ওরস উপলক্ষে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট এই সম্মিলন আয়োজন করে। 

এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ও সম্মিলনের আহ্বায়ক ড. মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, “মানবজাতির বিশ্বাসের অনন্য কেন্দ্রবিন্দু হচ্ছে ধর্ম। মানুষের বিশ্বাসের কেন্দ্রবিন্দু হিসেবে ধর্মের অবস্থান হৃদস্পন্দনের মতো; অত্যন্ত স্পর্শকাতর। ধর্ম পালনে অভ্যস্ত-অনভ্যস্ত সবার হৃদয়ে নিজ নিজ ধর্ম ও অনুগামীদের প্রতি থাকে এক ধরনের আত্মিক অনুকম্পা। 

“কোনো কোনো সময় এই স্তরের অনুকম্পা বিবেকতাড়িত ন্যায়বোধকে অস্বীকার করে জাত্যাভিমান জাগ্রত করার মাধ্যমে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেয়। এই ধরনের মানসিক অবস্থায় সৃষ্টি হয় পারস্পরিক অনাস্থা, অবিশ্বাস, সন্দেহ ও সংশয়।”

তিনি বলেন, “এতে বিস্তার ঘটে নানা কিসিমের সাম্প্রদায়িকতার। সাম্প্রদায়িকতার তীব্র বিরোধী ইসলাম ধর্মের মৌলিক গ্রন্থ কোরআন এক ধর্মের ওপর অন্য ধর্মের আধিপত্যের প্রয়াস এবং বাড়াবাড়িতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। একইভাবে সকল ধর্মে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং শান্তির কথা বলা আছে।

“স্রষ্টার কাছে সমর্পণের নিয়ম-রীতি এবং অনুশীলন পদ্ধতির নাম ধর্মাচার। ধর্মাচারে ভিন্নতা আছে, কিন্তু কেন্দ্রবিন্দু এক এবং অভিন্ন। একক স্রষ্টার প্রতি আনুগত্যের ভিত্তিতে মানব ঐক্যের লক্ষ্যে বিশ্বজনীন পয়গাম অনুরণনের অংশ এই সম্মেলন। বর্তমান সংঘাতপ্রবণ পৃথিবীতে শান্তিপূর্ণ ধর্মীয় সহাবস্থান নিশ্চিতকরণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

সম্মিলনে স্বাগত ব্যক্তব্য রাখেন ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর। ভিডিওবার্তার মাধ্যমে বক্তব্য দেন ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী।

আলোচনায় অন্যদের মধ্যে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম চট্টগ্রামের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) সাবকে উপাচার্য অধ্যাপক প্রভাত চন্দ্র বড়ুয়া, চট্টগ্রাম ক্যাথলিক আর্চডাইয়োসিসের ডিরেক্টর (প্রোগ্রাম এন্ড অপারেশনস) মানিক উইলভার ডি কস্তা ও সাতগাছিয়া দরবার শরিফের সৈয়দ আবুল ফজ্বল মোহাম্মদ ছাইফুল্লাহ সুলতানপুরী অংশগ্রহণ করেন।