২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাতারবাড়িতে ভিড়ল শততম জাহাজ

এই বন্দর থেকে দুই কোটি আট লাখ ছয় হাজার টাকা রাজস্ব আয় হয়েছে।

মাতারবাড়িতে ভিড়ল শততম জাহাজ

মাতারবাড়ি বিদ্যুতকেন্দ্রের জন্য নির্মিত জেটিতে ২০২০ সালের ২৯ ডিসেম্বর প্রথম ভিড়েছিল পানামার পতাকাবাহী ‘ভেনাস ট্রায়াম্ফ’ নামের এ জাহাজ। এটি বিদ্যুৎকেন্দ্রের জন্য নির্মাণ সামগ্রী নিয়ে আসে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2022, 09:26 PM

Updated : 24 Aug 2022, 09:26 PM

কক্সবাজারের মাতারবাড়িতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য নির্মিত জেটিতে শততম জাহাজ ভিড়েছে। আর এই কেন্দ্রের পাশেই নির্মিত হবে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর।

বুধবার বিকেলে সমুদ্রবন্দর প্রকল্পের পাশেই বিদ্যুৎকেন্দ্রের জেটিতে ‘এমভি হোসেই ফরচুন’ নামের জাহাজটি ভেড়ে বলে জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গভীর সমুদ্র বন্দর নির্মাণের আগে থেকেই বিদ্যুৎকেন্দ্রের জেটিতে জাহাজ ভেড়ানো শুরু হয়েছে। সমুদ্রগামী জাহাজ হ্যান্ডলিংয়ের মাধ্যমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রাজস্ব আহরণ করছে।

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রথম জেটিটি নির্মাণ শেষে ২০২০ সালের ২৯ ডিসেম্বর সমুদ্রগামী বাণিজ্যিক জাহাজ ‘এমভি ভেনাস ট্রায়াম্প‘ প্রথমবারের মতো ভিড়েছিল। পরবর্তীতে নির্মিত দ্বিতীয় জেটিতেও গত বছরের ১৫ জুলাই জাহাজ ভেড়ে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, বিদ্যুৎকেন্দ্রের জেটিগুলোতে এর আগে ৯৯টি সমুদ্রগামী জাহাজ হ্যান্ডলিং হয়েছে। সেখানে এক লাখ ১৭ হাজার ৯১ টন মালামাল হ্যান্ডলিং হয়।

এর মধ্য দিয়ে বন্দরের রাজস্ব দুই কোটি আট লাখ ছয় হাজার টাকা আয় হয়েছে বলে জানান বন্দর সচিব ওমর ফারুক।

তিনি জানান, আপাতত জেটি দুটি বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম ও নির্মাণ সামগ্রী পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছে।

মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হলেও এর নির্মাণ কাজ এখনও পুরোপুরি শুরু হয়নি। তবে বন্দর নির্মাণের জন্য দরপত্র আহবান করা হয়েছে।

গভীর সমুদ্র বন্দরটি নির্মিত হলে বেশি গভীরতার (ড্রাফট) ও বেশি দৈর্ঘ্যের জাহাজ সেখানে ভিড়তে পারবে। ২০২৫ সালের মধ্যে বন্দরের প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

বন্দরের কর্মকর্তারা জানান, গভীর সমুদ্র বন্দরে ১৬ মিটার ড্রাফট ও আড়াইশ মিটার পর্যন্ত দীর্ঘ জাহাজ সেখানে ভিড়তে পারবে। বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেটিতে সাড়ে নয় মিটার ড্রাফটের জাহাজ ভিড়তে পারে।