চাকসু নির্বাচন ১২ অক্টোবর
চাকসুর সবশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। এরপর দুয়েকবার আলোচনা উঠলেও ভোটের আয়োজন আর হয়নি।
দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন আয়োজনে জন্য ১২ অক্টোবর ভোটের দিন রেখে তফসিল ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মনির উদ্দিন বৃহস্পতিবার বিকালে সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ তফসিল ঘোষণা করেন।
চাকসুর সবশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। এরপর দুয়েকবার আলোচনা উঠলেও ভোটের আয়োজন আর হয়নি।
তফসিল অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর খসরা ভোটার তালিকা প্রণয়ন করা হবে। খসরা ভোটার তালিকা নিয়ে আপত্তি গ্রহণ চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ১১ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
মনোনয়নপত্র বিতরণ করা শুরু হবে ১৪ সেপ্টেম্বর। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৭ সেপ্টেম্বর।
মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১৮ সেপ্টেম্বর। এরপর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর।
মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।
এরপর ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ হবে।
তফসিল ঘোষণা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ২৫ সেপ্টম্বর থেকে শুরু হওয়া পূজার এক সপ্তাহের ছুটিতে প্রার্থীরা নির্বাচনি প্রচার চালাতে পারবেন।
তফসিল ঘোষণার পর কয়েকজন শিক্ষার্থী চাকসুর গঠনতন্ত্র সংশোধনের দাবি তোলেন। সেসময় নির্বাচন কমিশন থেকে বলা হয়, তফসিল ঘোষণার পরও গঠনতন্ত্র সংশোধনের সুযোগ আছে।
তফসিল ঘোষণা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন বলেন, “চাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের একটা অবিশ্বাস ছিল এ প্রশাসন চাকসুর ইলেকশন করবে কিনা। তাদের ‘কনফিডেন্সের’ অভাব ছিল। সেটি স্বাভাবিক।
“প্রশাসন যায়, প্রশাসন আসে…সরকার যায়, সরকার আসে। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গণতান্ত্রিকভাবে কথা বলার জায়গা, গণতন্ত্র চর্চা ও অধিকার আদায় করার জায়গা চাকসু নির্বাচন হয়নি।”
প্রশাসন তফসিল অনুযায়ী নির্বাচন করতে বদ্ধপরিকর মন্তব্য করে কামাল উদ্দিন বলেন, “কোনো কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন চাকসু নির্বাচন বানচালের পাঁয়তারা করবে না। আমরা শিক্ষার্থীদের গণতান্ত্রিক ধারা চালু করতে চাই।
“চাকসু নির্বাচনের নীতিমালা নিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকটি প্রশ্ন এসেছিল। আজকেও অনেকে দাবিদাওয়া দিয়েছে।”
দাবিদাওয়া সমাধানের জন্য শিক্ষার্থীদের ডেকে আলোচনা করার কথা বলেন উপ-উপাচার্য।
১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ১৯৭০ সালে প্রথম চাকসু নির্বাচন হয়। প্রতি শিক্ষাবর্ষে এ নির্বাচন হওয়ার কথা থাকলেও ভোট হয়েছে এখন পর্যন্ত মাত্র ছয়বার।
