১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভবনের ছাদ ও বেজমেন্ট মশার ‘ভয়াবহ প্রজনন ক্ষেত্র’: মেয়র রেজাউল

মেয়র রেজাউল বলেন, ওষুধ ছিটিয়ে মশা নির্মূল সম্ভব নয়; মশা থেকে বাঁচতে সচেতনতাই হতে পারে সবচেয়ে বড় হাতিয়ার।

ভবনের ছাদ ও বেজমেন্ট মশার ‘ভয়াবহ প্রজনন ক্ষেত্র’: মেয়র রেজাউল

সোমবার ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2023, 06:24 PM

Updated : 17 Jul 2023, 06:24 PM

আবাসিক এলাকায় ভবনের অপরিচ্ছন্ন ছাদ ও নির্মাণাধীন ভবনের বেজমেন্ট মশার ভয়াবহ প্রজনন ক্ষেত্র হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়র এম রেজাউল করিম চৌধুরী। 

সোমবার নগরীর জামালখানে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাদসহ জামালখান ওয়ার্ডের বিভিন্ন স্থান পরিদর্শনের সময় মেয়র এ মন্তব্য করেন। 

পরিদর্শনের সময় স্কুলটির ছাদে পানি জমে থাকতে না দেখে স্কুল কর্তৃপক্ষকে সাধুবাদ জানান মেয়র। তবে, স্কুলটির একাডেমিক ভবন-১ এর ছাদে গজিয়ে উঠা ঘাস ও আগাছা পরিষ্কারের নির্দেশনা দেন তিনি। 

এসময় মেয়র রেজাউল বলেন, সিটি কর্পোরেশনের ওষুধ ছিটিয়ে বা ঘরে মশার ওষুধ স্প্রে করে মশা নির্মূল সম্ভব নয়। পরিবর্তিত জলবায়ুর প্রেক্ষিতে মশা থেকে বাঁচতে সচেতনতাই হতে পারে সবচেয়ে বড় হাতিয়ার। 

“সিসিসির পক্ষে আমরা ড্রোন উড়িয়ে বিভিন্ন আবাসিক এলাকায় যে চিত্র খুঁজে পেয়েছি তা ভয়াবহ। সিটি করপোরেশন নালা-নর্দমায় মশা নিধনের ওষুধ ছিটাচ্ছে, অনেকে বিভিন্ন কোম্পানির মশার স্প্রে দিয়ে ঘরের মশা মারছেন। কিন্তু বাসার ছাদে, ছাদবাগানে, ফুলের টব আর নির্মাণাধীন বাড়ির বেজমেন্টে জমে থাকা পানিতে মশার ভয়াবহ প্রজনন হচ্ছে।” 

এ বিষয়ে জনগণ সচেতনভাবে সক্রিয় ভূমিকা রাখলেই কেবল মশা নিধনের কার্যক্রম সাফল্য বয়ে আনবে বলেও মন্তব্য করেন মেয়র রেজাউল। 

মেয়র শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে তাদের ছাদে বা গ্যারেজে পানি জমে আছে কিনা তা খুঁজে দেখার আহ্বান জানান। 

পরিদর্শনে মেয়রের সঙ্গে ছিলেন জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাস সুমনসহ সিসিসির  কর্মকর্তা-কর্মচারীরা। 

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সোমবারের প্রতিবেদনে, আগের ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গু আক্রান্ত আরো দুজন মারা গেছেন। নতুন করে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৮৭ জন।