‘দাঁতভাঙা জবাব দিতে’ আওয়ামী লীগ প্রস্তুত: নওফেল
“এই দেশে সাম্প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই,” বলেন শিক্ষা উপমন্ত্রী।
কোনো অপশক্তি সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করতে চাইলে তাদের ‘দাঁতভাঙা জবাব দিতে’ আওয়ামী লীগ প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শনিবার নিজের সংসদীয় এলাকা চট্টগ্রাম-৯ আসনের বিভিন্ন পূজা মণ্ডপ উদ্বোধন ও পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন।
নওফেল বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বীরা যাতে করে নিরাপদ ও সুন্দর ভাবে উৎসব পালন করতে পারে সেই লক্ষ্যে কাজ করছে।
“আর যদি কোনো অপশক্তি সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করতে চায়, তাহলে তাদের দাঁতভাঙা জবাব দিতে আমরা প্রস্তুত আছি। এইটা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ। এই দেশে সাম্প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই।”
নগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, উপ-দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার নগরীর ফিরিঙ্গি বাজারের শ্মশান্বেশর শিব বিগ্রহ মন্দির (শিববাড়ী) পূজা উদযাপন পরিষদের পূজায় উদ্বোধনী অনুষ্ঠানে যান শিক্ষা উপমন্ত্রী।
সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনাদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন। উনার শারদ শুভেচ্ছা পৌঁছে দিতে আমি আপনাদের মাঝে এসেছি।
“মাননীয় প্রধানমন্ত্রী সনাতন সম্প্রদায়কে যথাযথ রীতিনীতি মেনে নিশ্চিন্তে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনের আহ্বান জানিয়েছেন।”
ওই অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব (কনস্যুলার ও শিক্ষা) উদত ঝা; মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালন করেন তুলসী ধামের মোহন্ত মহারাজ দেবদীপ মিত্র চৌধুরী পুরী।
নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর, মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা আঞ্জু,নগর যুবলীগের সহ-সভাপতি আসাব রাসুল জাহেদ, সাবেক ছাত্রনেতা ফরহাদুল ইসলাম রিন্টু, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের শিক্ষা ও গবেষণা সম্পাদক রাহুল দাশ এ সময় উপস্থিত ছিলেন।
