গাঁজা পাচারে জড়িত অভিযোগে চট্টগ্রামে ট্রেনচালকসহ গ্রেপ্তার ২
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
চট্টগ্রামে গাঁজা পাচারে জড়িত থাকার অভিযোগে এক ট্রেনচালককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
নগরীর স্টেশন রোড এলাকা থেকে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ট্রেন পরিচালকের নাম ইমরুল কায়েস (৩৬)। এ ঘটনায় পুলিশ মো. সোহেল (২২) নামে তার এক সহযোগীকেও গ্রেপ্তার করেছে।
নগর পুলিশের উপ-কমিশনার (গোয়েন্দা) মুহাম্মদ আলী হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্টেশন রোডের চৈতন্য গলি কবরস্থানের সামনে একটি দোকানের সামনে থেকে দুই কেজি গাঁজাসহ ইমরুল ও সোহেলকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
উপ-কমিশনার আলী হোসেন বলেন, “আমরা বাইরে থেকে শুনেছি ইমরুল ট্রেন চালক। তবে সে এ বিষয়ে নিজে কিছু বলেনি। বিষয়টি আমরা রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করে সত্যতা জানার চেষ্টা করব।”
গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, “শনিবার প্রথমে গাঁজাসহ সোহেলকে আটক করে গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে জানা যায়, ট্রেনচালক ইমরুল গাঁজা পাচারের সাথে সম্পৃক্ত। তার কাছ থেকে মূলত সোহেল গাঁজাগুলো সংগ্রহ করে। এরপর ইমরুলকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।”
রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় রেল ব্যববস্থাপক (ডিআরএম) আবিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “শনিবার ইমরুল নামে এক ট্রেন পরিচালককে গোয়েন্দা পুলিশ আটক করেছিল। তবে কী অভিযোগে তাকে আটক করেছে সে বিষয়ে অফিসিয়াল কোন বক্তব্য আমাদের জানানো হয়নি।”
