২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অটোরিকশার ধাক্কায় আরেকটির যাত্রী নিহত

নিহত ব্যক্তি বোয়ালখালীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2022, 06:09 PM

Updated : 10 Oct 2022, 06:09 PM

চট্টগ্রামের বোয়ালখালীতে দুই অটোরিকশার সংঘর্ষে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক নারী।

সোমবার উপজেলার সারোয়াতলী ইউনিয়নের কঞ্জুরি এলাকায় কানুনগোপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত উৎপল চৌধুরী (৫৩) উপজেলার দক্ষিণ ধোরলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার বাড়ি পূর্ব গোমদণ্ডী। আহত নারীর নাম জাহানারা বেগম (৬০)।

বোয়ালখালী থানার এসআই শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত উৎপল সিএনজি অটোরিকশায় চালকের ডান পাশে বসে কানুনগোপাড়া থেকে উপজেলা যাচ্ছিলেন। সড়কে বাঁক নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার ধাক্কায় মাথায় আঘাত পান। অপরযাত্রী জাহানারা ডান হাতে আঘাত পান।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক উৎপলকে মৃত ঘোষণা করেন। আহত জাহানারাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনা কবলিত অটোরিকশা দুটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান এসআই শফিকুর।