নির্বাচনের দিনক্ষণ স্পষ্টভাবে সামনে আনতে হবে: খসরু
“বাংলাদেশে একটি সরকার আছে, তারা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত না, তাদের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নাই,” বলেন তিনি।
নির্বাচনের দিনক্ষণ স্পষ্টভাবে মানুষের সামনে তুলে ধরার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, সত্যিকার অর্থে যদি একটি নতুন বাংলাদেশ গড়তে চাই তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে হবে, সেটা সম্ভব নির্বাচনের মধ্য দিয়েছে।
স্থানীয় একটি ক্লাবে চট্টগ্রাম নগর বিএনপির উদ্যোগে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার আয়োজনে আমীর খসরু প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
তিনি বলেন, “নির্বাচনবিহীনভাবে বাংলাদেশ শাসন করেছেন শেখ হাসিনা। জনগণের মালিকানা কেড়ে নিয়েছিলেন। ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন৷”
সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার ফেরত পেতে গণতান্ত্রিকভাবে গ্রহণযোগ্য সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, “নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধতা ও জবাবদিহিতা থাকবে।”
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “বাংলাদেশে একটি সরকার আছে, তারা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত না, তাদের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নাই। এজন্যই আজ একটা নির্বাচিত সরকার প্রয়োজন।
“এখন আমরা একেকটি দিন অতিবাহিত করছি অনির্বাচিত সরকারের অধীনে। একেকটা দিন অতিবাহিত করছি জনগণের ম্যান্ডেটহীন সরকারের অধীনে। তাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনকালীন ব্যবস্থা শুরু করতে হবে। নির্বাচনের দিনক্ষণ পরিষ্কারভাবে মানুষের সামনে আনতে হবে। সমস্ত জাতি যাতে প্রস্তুতি নিতে পারে।”
তিনি বলেন, “কিন্তু আমরা দেখতে পাচ্ছি, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জনগণের যে আকাঙ্ক্ষা, সেটা শেখ হাসিনা যেভাবে বাধাগ্রস্ত করেছেন, এখন আবার আরেকটি শক্তি অন্যভাবে সেটা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। বাংলাদেশে নির্বাচন না হতে পারলে, মনে হয় তারা খুব খুশি।”
প্রতিদিনের ঘটনার কথা তুলে ধরে অরাজকতা সৃষ্টি প্রক্রিয়া চলছে বলে মন্তব্য করেন আমীর খসরু। তিনি বলেন, “অ্যানারকি সৃষ্টি করে যাতে নির্বাচনকে বন্ধ করা যায়, যাতে গণতান্ত্রিক অর্ডারে আমরা ফিরে যেতে না পারি। এ প্রক্রিয়াকে চলতে দেওয়া যায় না। বাংলাদেশের মানুষ এই প্রক্রিয়াকে রোধ করবে।”
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে প্রকাশ্য-অপ্রকাশ্যে বিএনপির একটা অবস্থান আছে বলে একটি মহল থেকে বলা হচ্ছে, এ বিষয়ে আমীর খসরুর বক্তব্য কি জানতে চান এক সাংবাদিক।
জবাবে তিনি বলেন, “যাদের রাজনৈতিক কোনো মতাদর্শ নেই, রাজনৈতিকভাবে দৈন্য হয়ে গেছে, তারা এ ধরনের কথা বাজারে এনে বিএনপির জনপ্রিয়তাকে ক্ষতি করতে চাচ্ছে।”
আওয়ামী লীগের শাসনামলে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, নেতা-কর্মীদের বিরুদ্ধে লাখ লাখ মামলা হয়েছে, গুম-খুনের শিকার হয়েছে, জেল-জুলুম সহ্য করেছে বলে দাবি করে আমীর খসরু পাল্টা প্রশ্ন করেন।
তিনি বলেন, “আমার মত ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে কতজন আছে? আমি যতবার জেলে গেছি, তাদের কি আমার এক শতাংশও হয়েছে? বিএনপি কেন কম্প্রোমাইজ করবে? তারেক রহমান সাহেব পরিষ্কারভাবে বলেছেন, আমরা কোনো প্রতিহিংসার ও প্রতিশোধের রাজনীতি বাংলাদেশে করব না। কিন্তু বিচার করতে হবে।”
শেখ হাসিনাসহ তার সহযোগীরা যারা দেশের মানুষের উপর গুম-খুন অত্যাচার করেছে, দেশের অর্থ পাচার করেছে তাদের প্রত্যেকের বিচার করার দাবি তুলে আমীর খসরু বলেন, “সেটা এখন হচ্ছে কিনা আমার সন্দেহ আছে। বিএনপি আসলে সে কাজটা আমরা পরিপূর্ণভাবে করব।”
৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার বিষয়ে জানতে চাইলে আমীর খসরু বলেন, “যারা বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না, এটা তাদের একটা প্রচারণা। বিএনপি বিচারহীনতায় বিশ্বাস করে না। ৫ আগস্টের পর ২ হাজার বিএনপি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।”
সংবাদমাধ্যমে কিংবা সরাসরি বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ পেলেই তাকে বহিষ্কার করা হয়েছে দাবি করেন তিনি বলেন, “অথচ পরবর্তীতে দেখা গেছে যেসব নেতাকর্মীদের বহিষ্কার করা হয়েছে তারা অনেকেই ঘটনাগুলোতে অভিযুক্ত নন।”
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য শামছুল আলম।
সভা সঞ্চালনা করেন চট্টগ্রাম নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।
