‘মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম দেশপ্রেম বর্জিত হবে’
আ জ ম নাছির বলেন, বঙ্গবন্ধু হত্যার দণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার কূটনৈতিক প্রয়াসকে জোরদার করে রায় কার্যকর করা হবে।
মুক্তিযুদ্ধের ইতিহাস এবং লক্ষ্য-উদ্দেশ্য জানাতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম দেশপ্রেম বর্জিত হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
রোববার বিকালে মোহরা ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আ জ ম নাছির বলেন, “বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে একাত্তরের পরাজিত অপশক্তির দোসররা ভেবেছিল আবার পাকিস্তান কায়েম হবে। সেদিন যা ঘটেছিল তা জঘন্যতম অপরাধ। এই অপরাধকে আড়াল করতে হত্যাকারীদের অপরাধের দায়মুক্তির জন্য রাতারাতি ইনডেমিনিটি আদেশ জারি হয়। যাকে জিয়াউর রহমান আইনসিদ্ধ করেন এবং হত্যাকারীদের পুর্নবাসিত ও পুরস্কৃতও করেন।
“এই অপপ্রয়াস ইতিহাসের পাপবিদ্ধ অধ্যায়। যে কারণে নতুন প্রজন্ম অভিশাপগ্রস্থ। এই অভিশাপ মোচনে আগে-ভাগে দলের এবং আমার, আপনার ও সকলের আত্মশুদ্ধি প্রয়োজন। ইতিহাস বিকৃতিতে পাপবিদ্ধদের শোধন চাই। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের বলে দাবি করি, তাদের অনেকেই মুক্তিযুদ্ধ দেখিনি।”
তিনি বলেন, “মুক্তিযুদ্ধের ইতিহাস এবং তার লক্ষ্য-উদ্দেশ্য-প্রকৃতি ও তাৎপর্য যদি জানাতে না পারি তা হলে ভবিষ্যৎ প্রজন্ম দেশপ্রেম বর্জিত হবে। সেদিন বেশি দূরে নয়, বঙ্গবন্ধু হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি, যারা বিদেশে পালিয়ে আছেন, তাদের দেশে ফিরিয়ে আনার কূটনৈতিক প্রয়াসকে জোরদার করে রায় কার্যকর করা হবে।”
প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, “বঙ্গবন্ধু যে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন তা শোষিত মানুষের বাসযোগ্য ভূমির জন্য। শুধু ভৌগলিক স্বাধীনতা জাতির জন্য যথেষ্ট পরিচয় নয়, মূল লক্ষ্য সাম্য-মৈত্রী- শান্তি ও প্রগতির জয়যাত্রা রচনা করা।”
মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় সহসভাপতি সফর আলী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, মহিলা সম্পাদিকা জোবাইরা নার্গিস খান।
