ব্যবসায়ীকে আটকে টাকা আদায়, কথিত সাংবাদিকসহ গ্রেপ্তার ৬
ব্যবসায়ীর অভিযোগ, ‘জমি বায়নার’ কথা বলে নিয়ে যাওয়ার পর তাকে আটকে রেখে ২৫ লাখ টাকা আদায় করা হয়।
চট্টগ্রামে এক ব্যবসায়ীকে আটকে রেখে ২৫ লাখ টাকা আদায়ের অভিযোগে কথিত এক সাংবাদিকসহ ছয় জনকে গ্রেপ্তারের খবর দিয়েছে পুলিশ।
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্দরনগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করার কথা শুক্রবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন- কথিত সাংবাদিক কামরুল হাসান (৪৯), আব্দুল্লাহ আল মমিন (৩২), মনিরুল আলম (২৮), মো. পারভেজ (৩২), রিয়াদুল মাওলা (৩৮) ও ইমাম হাসান ওরফে রাসেল (৩০)।
পুলিশ বলছে, গ্রেপ্তার কামরুল নিজেকে বাংলাদেশ সামাচার নামে একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে ‘বিভিন্ন ধরনের প্রতারণা’ করে আসছিলেন। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় দ্রুত বিচার, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন আইনে অন্তত পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে।
হালিশহর থানার এসআই মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তাররা গত ৮ নভেম্বর জমি বেচাকেনার কাজে যুক্ত রিদুয়ান সরকার নামের এক ব্যবসায়ীকে ‘জমি বায়নার’ কথা বলে হালিশহর বউবাজার এলাকায় একটি ভবনে নিয়ে যায়।
“সেখানে তাকে আটকে রেখে নগদে ১২ লাখ এবং মোবাইল ব্যাংকিং অ্যাপ থেকে ১৩ লাখ টাকাসহ মোট ২৫ লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নেয়।”
ওই ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে দুই লাখ ৫৩ হাজার টাকা উদ্ধার করে।
এসআই মোশারফ বলেন, এ ঘটনায় গ্রেপ্তার আব্দুল্লাহ আল মোমিন, মনিরুল আলম ও পারভেজ দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
মোশারফ বলেন, “গ্রেপ্তার রাসেল ব্যাবসায়ী রিদুয়ানের সহযোগী ছিলেন। তিনি গ্রেপ্তার অন্যদের সাথে যোগসাজশে রিদুয়ানকে জায়গা কেনার কথা বলে গত ৮ নভেম্বর মমিনের অফিসে নিয়ে যান।
“সেখানে অন্যরা পরিকল্পিতভাবে রাসেলকে মারধর করে সাত হাজার টাকা নিয়ে নেন। পরে রিদুয়ানের কাছ থেকে টাকা পাওয়ার পর তার টাকা ফিরিয়ে দেওয়ার পাশাপাশি ৫০ হাজার টাকা ভাগ দিয়েছিলেন।”
পুলিশ জানায়, তদন্তে নেমে তারা রাসেলের সম্পৃক্ততা পেয়ে গত ১৮ নভেম্বর তাকে আটক করে এবং ভাগে পাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করে। এছাড়া মোমিন, মনিরুল ও পারভেজের কাছ থেকে আরও দুই লাখ তিন হাজার টাকা উদ্ধার করা হয়।
বুধ ও বৃহস্পতিবার প্রধান অভিযুক্ত কথিত সাংবাদিক কামরুলসহ অন্যদের গ্রেপ্তার করে পুলিশ।
এসআই মোশারফ বলেন, “গ্রেপ্তার হওয়া কথিত সাংবাদিক কামরুলসহ অন্যদের ব্যাংক হিসেবে টাকা রাখার তথ্য আমরা পেয়েছি। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর আদালতের অনুমতি নিয়ে বাকি টাকাও উদ্ধার করা হবে।”
