২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা’, চট্টগ্রামে সাবেক শিবির নেতা গ্রেপ্তার

“রাতে বুঝিয়ে থানা থেকে বের করে দেওয়া হলেও দুপুরে আবার থানায় গিয়ে তিনি গ্রেপ্তার তিনজনকে ছেড়ে দিতে চাপ দেন,” বলেন ওসি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2025, 10:14 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

চট্টগ্রামে থানায় ঢুকে হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও পুলিশের ওপর হামলার অভিযোগে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার মো. রায়হান (২৬) ইসলামী ছাত্রশিবিরের হাটহাজারি কলেজ শাখার সাবেক সভাপতি। তিনি হাটহাজারি পৌরসভার ফটিকা ৩ নম্বর ওয়াডের বাসিন্দা। 

হাটহাজারি থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলীপুর রহমানীয়া স্কুলের নবম শ্রেণির শিক্ষাথী খুনের ঘটনায় মঙ্গলবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। 

“রাতে থানায় এসে কয়েকজনের নাম উল্লেখ করে তাদের ধরতে পুলিশের ওপর চাপ সৃষ্টি করেন রায়হান এবং গ্রেপ্তার তিনজনকে তার হেফাজতে দিতে বলেন। থানায় পুলিশ সদস্যদের সঙ্গে অশোভন আচরণও করতে থাকেন।” 

ওসি বলেন, “রাতে তাকে বুঝিয়ে থানা থেকে বের করে দেওয়া হলেও দুপুরে পুনরায় থানায় গিয়ে গ্রেপ্তার তিনজনকে তার হেফাজতে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এসময় পুলিশ তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তিনি পুলিশকে ধাক্কা মারেন। 

“পরে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।”

পুলিশ বলছে, রহমানীয় স্কুলের শিক্ষকরা নিহত শিক্ষাথীর বাড়ি গেলে রায়হান লোকজন নিয়ে তাদের অবরুদ্ধ করে অশোভন আচরণ করেন। পাশাপাশি কয়েক শিক্ষকের নাম ধরে তাদের গ্রেপ্তারের কথাও বলেন।

আলীপুর রহমানীয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষাথীদের মধ্যে ঝগড়ার জেরে তানভীর নামে এক ছাত্রকে মারধর করেন তার সহপাঠীরা। পরে তার মৃত্যু হয়। 

চট্টগ্রামে সহপাঠীদের মারধরে প্রাণ গেল স্কুলছাত্রের