চট্টগ্রামে সহপাঠীদের মারধরে প্রাণ গেল স্কুলছাত্রের
ঝগড়ার জেরে তাকে স্কুলের বাইরে মারধর করে সহপাঠীরা, বলছে পুলিশ।
চট্টগ্রামে সহপাঠীদের মারধরে নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার হাটহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
মো. তানভীর (১৬) নামে সেই শিক্ষার্থী হাটহাজারীর পশ্চিম আলীনগর এলাকার আবু তালেবের ছেলে। আলীপুর রহমানীয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণিতে পড়ত সে।
হাটহাজারী থানার এসআই রূপন নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্কুলের নবম শ্রেণির ছাত্রদের মধ্যে ঝগড়া হয়েছিল। এর জেরে তানভীরকে দুপুরে স্কুলের বাইরে সড়কের ওপর মারধর করে তার কয়েক সহপাঠী।
“পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এসআই রূপন বলেন, “মৃত্যুর খবর শুনে আমরা ঘটনাস্থলে এসেছি। হামলার সঙ্গে জড়িতদের খুঁজছি।”
