রাউজানে গুলিবিদ্ধ ব্যক্তির মৃত্যু
তার বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা আছে।
চট্টগ্রামের রাউজানে গুলিবিদ্ধ নাছির মারা গেছেন।
রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ নিয়ে রাউজানে এক দিনের ব্যবধানে দুই ব্যক্তিকে গুলি করে খুনের ঘটনা ঘটল।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক জানান, রাতে নাছিরকে হাসপাতালের জরুরি বিভাগে আনার পর ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসেরপাড়া এলাকা রোববার রাতে দুর্বৃত্তদের গুলিতে আহত হন নাছির।
রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাছিরকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি করা হয়েছে। ঘটনাস্থল থেকে আমরা তিনটি গুলির খোসা জব্দ করেছি।”
ওসি বলেন, নাছির পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা আছে।
২০২৪ সালের ৫ অগাস্ট সরকার পতনের পর থেকে রাউজানে বেড়ে যায় সন্ত্রাসী কার্যক্রম। গত দেড় বছরে রাউজানে অন্তত ২২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যার মধ্যে ১৬টি 'রাজনৈতিক' হত্যাকাণ্ড বলে সংবাদমাধ্যমে খবর এসেছে।
গত রোববার ভোর রাতে জঙ্গল রাউজান এলাকায় কাউসার জামান বাবলু নামে এক যুবককে গুলি করে খুন করা হয়।
