রাজপথে আওয়ামী লীগকে দেখলে অনেকের গায়ে কাঁটা বিঁধে: তথ্যমন্ত্রী
“আমাদের এই স্বাভাবিক কর্মসূচি আগামী নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে,” বলেন তিনি।
আওয়ামী লীগকে রাজপথে দেখলে কারও কারও গায়ে কাঁটা বিঁধে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
চট্টগ্রামের ফৌজদারহাট-পোর্ট লিংক রোডের পাশে উদ্ধার করা সরকারি জমিতে ৯ দিনের ফুল উৎসবের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু শুক্রবার ঢাকায় এক কর্মসূচিতে বলেছেন, পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে আওয়ামী লীগ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে।
এ বিষয়ে তথ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথের দল। আমরা, আমাদের কর্মীরা রাজপথ থেকে গড়ে ওঠা কর্মী। আমরা স্বাভাবিক কর্মসূচি দিচ্ছি। এবং আমাদের এই স্বাভাবিক কর্মসূচি আগামী নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে।
“এবং সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে দেশে কেউ যাতে বিশৃঙ্খলা করতে না পারে। সেজন্য বিএনপির কর্মসূচির দিকে আমরা সতর্ক দৃষ্টি রাখছি। এবং শান্তি সমাবেশ করছি। কারো সাথে পাল্টা কর্মসূচি আমরা দিচ্ছি না।”
আওয়ামী লীগের স্বাভাবিক কর্মসূচি আছে এবং ভবিষ্যতেও থাকবে জানিয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, “যারা এ সমস্ত কথা বলছেন, বিএনপির বাইরেও দুয়েকজন বলছেন, আওয়ামী লীগকে রাজপথে দেখলে ওদের মনে হয় গায়ে কাঁটা বিদ্ধ হয়। আওয়ামী লীগ রাজপথেরই দল। রাজপথে আছে এবং থাকবে। সরকারে থাকি কিংবা না থাকি, যখন ছিলাম না তখনও রাজপথে ছিলাম। এখন সরকারে আছি এবং ভবিষ্যতে সরকারে থাকলে তখনও রাজপথে থাকব।”
অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সীতাকুণ্ডের সাংসদ দিদারুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আমিনুর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিটের কমান্ডার মোজাফফর আহমদ ও চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান উপস্থিত ছিলেন।
