২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতেই ২১ অগাস্টের গ্রেনেড হামলা’

২১ অগাস্টের গ্রেনেড হামলার দোষীদের শাস্তি দ্রুত কার্যকরের দাবিতে সমাবেশ করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।

‘আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতেই ২১ অগাস্টের গ্রেনেড হামলা’

২১ অগাস্টের গ্রেনেড হামলার বর্ষপূর্তিতে রোববার চট্টগ্রামের পুরাতন রেল স্টেশন চত্বরে মহানগর আওয়ামী লীগের সমাবেশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2022, 12:30 AM

Updated : 22 Aug 2022, 12:30 AM

বঙ্গবন্ধুর উত্তরাধিকার নিশ্চিহ্ন করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করাই ২১ অগাস্টের গ্রেনেড হামলার উদ্দেশ্য ছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগ নেতারা।

রোববার বিকালে চট্টগ্রামের পুরাতন রেল স্টেশন চত্বরে মহানগর আওয়ামী লীগের সমাবেশে এ কথা বলেন বক্তারা। ২১ অগাস্টের গ্রেনেড হামলার দোষীদের আদালতের রায়ে সর্বোচ্চ শাস্তি দ্রুত কার্যকরের দাবিতে এই সমাবেশ হয়।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, “৭৫ এর ১৫ অগাস্ট ‘ট্র্যাজেডির অসম্পূর্ণ মিশন’ সমাপ্ত করতেই ২০০৪ সালের ২১ অগাস্টের গ্রেনেড হামলা চালানো হয়।

“২১ অগাস্টের গ্রেনেড হামলার পেছনে অসৎ উদ্দেশ্য ছিল- বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করা ও আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করা। তাদের এই অসৎ উদ্দেশ্য পূর্ণ না হওয়ায় তারা অতৃপ্ত।”

সমাবেশে দলের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, “শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্টে গ্রেনেড হামলার ঘটনায় তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতা ছিল। এই বিষয়ে কোনো বিতর্ক অর্থহীন।”

হাওয়া ভবনকে তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের ‘বিকল্প কেন্দ্র’ মন্তব্য করে তিনি বলেন, “এই হাওয়া ভবনে বেগম জিয়ার পুত্র তারেক জিয়া, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং জোট সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে গ্রেনেড হামলায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারীদের সাথে বৈঠক হয়েছিল।”

প্রকৃত ঘটনা আড়াল করতে জোট সরকারের পক্ষ থেকে জজ মিয়া নাটক সাজানো হয়েছিল বলেও মন্তব্য করেন নগর আওয়ামী লীগের সম্পাদক নাছির।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, “অগাস্ট মাস আমাদের জন্য মর্মান্তিক শোকাবহ ঘটনা আবৃত। এই মাসের শোককে শক্তিতে পরিণত করে অভিশপ্ত সময়ের দহন নেভাতে হবে।”

সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, চন্দন ধর।