‘উচ্ছিষ্ট বাণিজ্যের’ নিয়ন্ত্রণ নিয়ে বিবাদ, ছুরিতে প্রাণ গেল যুবকের
ময়লার ভাগাড় থেকে উচ্ছিষ্ট সংগ্রহ করে বিভিন্ন মাছের খামারে সরবরাহ করতেন জসিম।
চট্টগ্রামের হালিশহর আনন্দবাজার ময়লার ডিপো এলাকায় ফেলে দেওয়া খাবার সংগ্রহের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে চুরিতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত যুবকের নাম জসিম উদ্দিন (২৫)। তিনি আনন্দবাজার টিজি কলোনি এলাকার জয়নাল আবেদিনের ছেলে।
মঙ্গলবার রাতে বন্দর থানাধীন হালিশহর আনন্দবাজারে ময়লার ডিপোতে উচ্ছিষ্ট সংগ্রহের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির মধ্যে তাকে ছুরিকাঘাত করা হয়।
নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
বন্দর থানার ওসি কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ময়লার ভাগাড় থেকে উচ্ছিষ্ট সংগ্রহ করে বিভিন্ন মাছের খামারে সরবরাহ করতেন জসিম।
“এই কাজ নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ ছিল। এর জেরে মঙ্গলবার রাতে মারামরি হয় এবং জসিমকে ছুরি দিয়ে গলায় আঘাত করা হয়।”
ওসি বলেন, গুরুতর আহতাবস্থায় প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে নগরীর মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হচ্ছে।
