Published : 08 Apr 2026, 04:37 PM
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার বাদী আলিফের বাবা জামাল উদ্দিনকে জেরা করেননি প্রধান আসামি চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর আইনজীবী।
বুধবার চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হকের আদালতে বাদীকে জেরার দিন ধার্য ছিল।
এদিন চিন্ময় কৃষ্ণ দাশকে ভার্চুয়ালি হাজির করা হলেও আদালতে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। গ্রেপ্তার থাকা অন্য আসামিদের আদালতে হাজির করা হয়।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর-পিপি এস ইউ এম নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ উপস্থিত অবশিষ্ট আসামি ও পলাতক আসামিদের পক্ষে বাদীকে জেরা করা শেষ হয়েছে।
“তবে মামলার প্রধান আসামি চিন্ময় কৃষ্ণ দাশের পক্ষে জেরা করা হয়নি। তার পক্ষে কোনো আইনজবীবীও উপস্থিত ছিলেন না। আদালত চিন্ময় দাশের কাছে জেরা বিষয়ে জানতে চাইলে, তিনি বলেছেন আইনজীবীর সাথে আলাপ না করে কিছু বলতে পারবেন না।”
নুরুল ইসলাম বলেন, রাষ্ট্রপক্ষে আবেদন ছিল বাদীর জেরা সমাপ্ত ঘোষণা করার। তবে আদালত কোনো আদেশ দেননি। আগামী ২৯ এপ্রিল শুনানির পরবর্তী দিন ধার্য করেছে।
জানতে চাইলে চিন্ময় দাশের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি অসুস্থ বিধায় আজ যাইনি। অন্য একজন আইনজীবী আজ যাওয়ার কথা ছিল।
“আমি যেহেতু যাইনি, তাই কি হয়েছে সেটা এখন বলতে পারছি না।”
এই মামলার অভিযোগ থেকে চিন্ময় কৃষ্ণ দাশের অব্যাহতি চেয়ে উচ্চ আদালতে আবেদন করার কথা গত ১৮ ফেব্রুয়ারি আদালতের শুনানিতে জানিয়েছিলেন তার আইনজীবী অপূর্ব ভট্টাচার্য্য।
এরআগে গত ২ ফেব্রুয়ারি চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হকের আদালতে বাদীর সাক্ষ্য শেষ হয়।
এরপর সেদিন এক আসামি অজয় দাশের পক্ষে রাষ্ট্র নিযুক্ত একজন আইনজীবী বাদীকে জেরা করেন।
অন্য আসামিদের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর পক্ষে তার আইনজীবী সময় প্রার্থনা করেছিলেন। শুনানি শেষে সেদিন আদালত ১৮ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছিল।
সে ধার্য দিনে অন্য তিন আসামির পক্ষে বাদীকে জেরা করা হয়।
তার আগে গত ১৯ জানুয়ারি চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার প্রধান আসামি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশসহ ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
সেদিন আলিফ হত্যা মামলায় বিচার শুরুর আদেশ দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ২ ফেব্রুয়ারি দিন ঠিক করে দেন বিচারক।
২০২৪ সালের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশের জামিন নাকচ করে রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করেন তার সমর্থকরা।
আড়াই ঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময়কে কারাগারে নিয়ে যায়।
বিক্ষোভকারীরা আদালত সড়কে রাখা বেশ কিছু মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করে। এরপর আদালতের সাধারণ আইনজীবী ও কর্মচারীরা মিলে তাদের ধাওয়া করে।
ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।
ওই ঘটনায় ২৯ নভেম্বর নগরীর কোতোয়ালি থানায় মামলা করেন আলিফের বাবা জামাল উদ্দিন। ৩১ জনের নাম দিয়ে অজ্ঞাত আরও ১৫/১৬ জনকে মামলায় আসামি করা হয়। আসামিরা সবাই ছিলেন নগরীর রঙ্গম কনভেনশন হল সংলগ্ন বান্ডেল সেবক কলোনির বাসিন্দা।
আগের খবর:
আইনজীবী আলিফ হত্যা: বাদীর জেরা অব্যাহত
আলিফ হত্যা: চিন্ময়সহ সব আসামির বিচার শুরুর আদেশ
আলিফ হত্যা: অভিযোগ গঠনের শুনানিতে চিন্ময় কৃষ্ণসহ আসামিরা আদালতে
আলিফ হত্যা মামলা: অভিযোগ গঠনের শুনানিতে যা যা হলো
আলিফ হত্যার অভিযোগ গঠনের শুনানিকে ঘিরে চট্টগ্রাম আদালতে বাড়তি নির